আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির

তারিখ: ২৯শে মার্চ, ২০২৬

সাধারণত, আমি প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যায় বার্তা পাঠাই, কিন্তু যেহেতু আমার শিষ্যরা আজ ব্যাসপূজা উৎসব পালন করছে, তাই আমি এই কামদা একাদশীতে পাক্ষিক বার্তাটি পাঠাতে চাই।

শ্রীল প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি তাঁর ব্যাসপূজার একটি শ্রদ্ধার্ঘ্যে উল্লেখ করেছিলেন যে, কৃষ্ণ সকলের গুরুদেব; কিন্তু তিনি অনন্ত রূপের মাধ্যমে, তাঁর সেই ভক্তদের মাধ্যমে কাজ করেন যাঁরা গুরুদেবের ভূমিকা পালন করছেন। প্রত্যেক গুরুদেবের একজন গুরুদেব থাকেন। তাই ব্যাসপূজা পালন করার অর্থ হলো আমরা প্রকৃতপক্ষে সমগ্র গুরু-পরম্পরার পূজা করি এবং গুরুদেব যে সম্মাননাই লাভ করেন, তা তিনি গুরু-পরম্পরাকে নিবেদন করেন। তিনি তা নিজের জন্য গ্রহণ করেন না।

আমি ১৯ বছর বয়সে কৃষ্ণভাবনামৃত আন্দোলনে যোগদান করি, শ্রীল প্রভুপাদ কৃপাপূর্বক আমাকে তাঁর শিষ্যরূপে গ্রহণ করেন এবং একুশ বছর বয়সে আমাকে সন্ন্যাস প্রদান করেন। তিনি আমাকে ‘জয়পতাকা’ নাম দেন, যার অর্থ বিজয়ের পতাকা এবং তিনি আমাকে অনেক নির্দেশও দেন। আমি যা কিছু করতে সক্ষম, তা কেবল শ্রীল প্রভুপাদের কৃপাতেই হচ্ছে। কিন্তু অনেক দিক থেকে আমার মনে হয় যে, প্রভুপাদ যেমনটা চেয়েছিলেন, আমি ততটা সফল হতে পারিনি।

শ্রীল প্রভুপাদের আদেশ অনুসারে, আমি ২৯ বছর বয়সে দীক্ষা দেওয়া শুরু করি। দীক্ষার সময় শিষ্য ন্যূনতম ১৬ মালা জপ এবং চারটি নিয়ম পালনের ব্রত গ্রহণ করেন, এবং একই সাথে গুরুও ভগবানের সামনে এই ব্রত গ্রহণ করেন যে, তিনি এই আত্মাকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। তাই আমার দায়িত্ব শুধু এতজন শিষ্যকে দীক্ষা দেওয়াই নয়, বরং তাদের যত্ন নেওয়াও; আমাকে দেখতে হবে যেন আমার সমস্ত শিষ্য ভগবানের কাছে ফিরে যায়। দীক্ষা অনুষ্ঠানটি সহজ, কিন্তু এটি একটি আজীবন অঙ্গীকার। তাই এই আদান-প্রদানে আমার আপনাদের পক্ষ থেকে সাড়ার প্রয়োজন, যা হলো ভগবদ্ভক্তি অনুশীলনে আপনাদের চমৎকার হয়ে ওঠা। আমি চাই আপনারা সবাই রতি পর্যায়ে উন্নীত হন এবং আমি আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ কৃষ্ণপ্রেম লাভ করবেন। আমরা চাই প্রত্যেক ভক্ত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ ও চার নিয়ম পালনে অত্যন্ত কঠোর হন এবং ভগবানের কাছে ফিরে যান।

আমি হরেকৃষ্ণ মহামন্ত্রের মহিমা কীর্তনকারী অনেক শ্লোক পাঠ করছিলাম। সেই শ্লোকগুলির মধ্যে একটি ছিল যে, আমরা যেমন ত্রিসন্ধ্যায় গায়ত্রী জপ করি, ঠিক তেমনই সকাল, দুপুর ও রাতে, ত্রিসন্ধ্যায় এক মালা করে তিন মালা জপ করতে হবে। আমি সমস্ত ভক্তদের, বিশেষ করে যারা হরিনাম দীক্ষা নিয়েছেন, তাদের উৎসাহিত করতে চাই যে, গায়ত্রী দীক্ষা লাভ না করা পর্যন্ত তারা যেন ত্রিসন্ধ্যায় তিন মালা জপ করেন।

“একজন ব্যক্তির সাধ্যমতো একবার, দু’বার, তিনবার বা সারা জীবনব্যাপী যে-ই জপ করবে, সে এমনকি কুকুরভোজী চণ্ডাল হলেও নিঃসন্দেহে আমার ভক্ত হবে।” (বায়ুপুরাণ চতুর্দশ অধ্যায়, চন্দ্রসম গৌরাঙ্গের উদয়, শ্লোক নং ৩৮)

একজন মরণশীল ব্যক্তির আত্মনিয়ন্ত্রিত হয়ে ও শৃঙ্খলাবদ্ধ হয়ে ত্রিসন্ধ্যায় (সকাল, দুপুর ও সন্ধ্যায়) জপ (উচ্চস্বরে/মৃদুস্বরে) করা উচিত। সে নিঃসন্দেহে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে।” (পদ্মপুরাণ, ভূমিখণ্ড, অধ্যায় ৮৭, বিষ্ণু সহস্রনাম, শ্লোক ২৭)

আমি সারাদিন প্রতি মুহূর্তে জপ করছি। সারা দিনব্যাপী আমি বিভিন্ন কার্যক্রম করি। তবে যেসব কার্যক্রম-ই আমি করি না কেন, আমি সর্বদা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করি। এমনকি যখন আমি স্নানাগারে (বাথরুমে) যাই, আমি হাতের আঙুলে করে জপ করি। আমি সর্বক্ষণ জপ করি। ১৬ মালা জপ করা কঠিন কিছু নয়। এমন নয় যে, আমরা কেবল আনুষ্ঠানিকভাবে বসেই জপ করব, তবে আপনারা সর্বক্ষণ জপ করতে পারেন। আমাদের অন্ততপক্ষে ১৬ মালা জপ করতে হবে। এটিই শ্রীল প্রভুপাদ বলেছেন। আমাদের নিরন্তর জপ করা উচিত, সর্বক্ষণ কৃষ্ণের কথা চিন্তা করা উচিত।

এছাড়াও আমি চাই আমার প্রতিটি শিষ্য যেন একটি সংকল্প গ্রহণ করে যে, এক বছরে বা এক মাসে সে কতজন নতুন মানুষকে হরিনাম জপ করতে উদ্বুদ্ধ করতে পারে এবং এক বছরে কতজন ব্যক্তিকে সে পূর্ণরূপে ভক্তিজীবন গ্রহণে উদ্বুদ্ধ করতে পারে।

আমি শ্রীল প্রভুপাদের প্রচারে ও সেবার জন্য সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি। এখন আমার কক্ষে দু’টো স্মার্টবোর্ড স্থাপন করিয়েছি। তো আমি সপ্তাহে কিছু বিশেষ প্রবচন দিতে চাই। আমার বিভিন্ন অঞ্চলের দায়িত্ব রয়েছে এবং সমস্ত বিশ্বব্যাপী আমার শিষ্যরা রয়েছে। তাই আমি বিভিন্ন সময়ে প্রবচন দিতে চাই যেন প্রত্যেকেই সপ্তাহে অন্তত একটি প্রবচনে অংশগ্রহণ করতে পারে। প্রাত্যহিক যে প্রবচন আমি দেই, তা সুদূর প্রাচ্যের ভক্তদের জন্য অনেক দেরি হয়ে যায়। তাই যখন ভক্তেরা তা সরাসরি দেখতে পায় না, তারা পরে আমার চ্যানেলে দেখে নিতে পারে। এইভাবে প্রবচনের মাধ্যমে আরও অধিক ভক্ত আমার সাথে যুক্ত হতে পারে।

শ্রীল প্রভুপাদ বলেছেন যে, আমার প্রতি তোমাদের ভালোবাসা বোঝা যাবে যখন তোমরা পরস্পরকে ভালোভাবে সহায়তা করবে। তাই আমি চাই ভক্তরা যেন একত্রিত হয়ে সহযোগিতার মনোভাব নিয়ে সেবা করে, নির্জনে থেকে নয়। যখন কেউ ভালো করছে, আমাদের তাদের কাছ থেকে শেখা উচিত এবং আমাদের নিজেদের সেবায় তা প্রয়োগ করা উচিত। আমরা চাই ভক্তরা যেন ইসকনে থাকে, জিবিসি, স্থানীয় কর্তৃপক্ষ ও মন্দির অধ্যক্ষ প্রভৃতির সাথে মিলে সেবা করে।

আমরা চাই শ্রীল প্রভুপাদের অনুরোধ পূরণ করতে। আমরা শ্রীল প্রভুপাদের অনুরোধ পূরণে প্রয়োজনীয় সবকিছু বহুমাত্রিকভাবে করতে চাই।

আমি আশা করি এই বার্তাটি আপনারা সুস্বাস্থ্যে ও কৃষ্ণভাবনামৃতের আনন্দে পাবে।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী