আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
ক্যাম্প: ইসকন ভদ্রক

তারিখ: ১৯শে মার্চ, ২০২৬

বিশেষ কার্যক্রম

আমরা গতকাল ইসকন ভদ্রকে শ্রী শ্রী রাধা গোবিন্দ, শ্রী শ্রী গৌর গোপাল জিউ এবং পতিতপাবন জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য এসেছি। গতকাল সন্ধ্যায় আমাদের ‘নেত্রোন্মীলন’ অনুষ্ঠান হয়েছে যার অর্থ মন্ত্রোচ্চারণ এবং ঘৃত নিবেদনের মাধ্যমে বিগ্রহগণের নয়নপদ্ম উন্মীলিত করা হয়েছে। আজ আমরা অভিষেক এবং প্রাণপ্রতিষ্ঠা করেছি। বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অনেক সন্ন্যাসীবৃন্দ উপস্থিত ছিলেন। মন্দিরটি অনেক বড়; এটি সুবিশাল, এবং বিগ্রহগণ অপূর্ব সুন্দর।

ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার প্রথম প্রচেষ্টার সময় রামানন্দ রায়ের সাথে ভদ্রকে গিয়েছিলেন। মন্দিরের পিছনে একটি নদী আছে, যেখানে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরও এখানে বহু বছর বাস করেছেন। সুতরাং এটি আমাদের জন্য একটি অত্যন্ত বিশেষ স্থান।

গৌর গোপাল মন্দিরটি ১৯৭৭ সালে ইসকনের অধীনে নিবন্ধিত হয়েছিল। শ্রীল প্রভুপাদ ব্যক্তিগতভাবে সেই জমি গ্রহণ করেছিলেন যা শ্রী সচ্চিদানন্দ মোহান্তী দান করেছিলেন।

আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ১৯৭৮ সালে আমি এই গৌর গোপাল মন্দিরে প্রথম দীক্ষা অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং তিনজন ভক্তকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করেছিলাম।

পারমার্থিক সাফারি ভক্তরাও এখানে উপস্থিত আছেন। আমরা ১৯৮০-এর দশকে পারমার্থিক সাফারি শুরু করেছিলাম। আমরা গৌর পূর্ণিমার পর সাফারি শুরু করি এবং রাম নবমী পর্যন্ত প্রায় ২১ দিন বিভিন্ন স্থানে ভ্রমণ করি। প্রতি বছর আমরা বিভিন্ন পবিত্র স্থানে যাই, যেখানে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু পরিদর্শন করেছেন এবং এই বছর সাফারি দল গৌড়মণ্ডলে ভ্রমণ করেছে এবং বাংলার বিভিন্ন স্থানে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদপীঠ স্থাপন করেছে।

গত সপ্তাহে আমরা শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথি উদযাপন করেছি। তিনি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন বিশেষ পার্ষদ ছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর গৃহে গুহ্য কীর্তন লীলা সম্পাদন করতেন। সংকীর্তনের সময় ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু অনেক আশ্চর্যজনক দিব্যভাব প্রকাশ করতেন। কখনও তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সমান ভারী হয়ে যেতেন, তবুও নৃত্য করতে করতে পাঁচ থেকে দশ ফুট উঁচুতে লাফ দিতেন এবং যখন তিনি ভূমিতে পড়তেন, তখন যেন ভূমিকম্প হত। অন্য সময়, তিনি তুলোর মতো হালকা হয়ে যেতেন এবং ভক্তরা মাত্র একটি আঙুল দিয়ে তাঁকে তুলে মাথার উপরে বহন করতে পারতেন। তাঁর শ্রীঅঙ্গের তাপমাত্রাও আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হত। কখনও এত গরম থাকতো যে তাঁকে চন্দন লেপনের পর তৎক্ষণাৎ তা শুকিয়ে যেত, যেমন গরম পৃষ্ঠে জল পড়লে হয় এবং অন্য সময় এত ঠাণ্ডা যে তাঁর স্পর্শে ভক্তদের হাত জমে যেত। এইভাবে তিনি শ্রীবাস ঠাকুরের ঘরে সংকীর্তন করার সময় বিভিন্ন ধরনের দিব্যভাব প্রদর্শন করতেন।

শ্রীল প্রভুপাদের বার্তা

প্রতিরাতে আমি হরিনামের মহিমা পাঠ করছি। শ্রীল প্রভুপাদ সর্বদাই প্রাত্যহিক ১৬ মালা জপের বিষয়ে জোর দিয়েছেন।

“তোমার সময় ব্যবস্থাপনা বিষয়ে যে প্রশ্ন, তার উত্তরে বলবো, আমাদের প্রথম কাজ হলো প্রতিদিন ১৬ মালা জপ সম্পন্ন করা।” (কীর্তনানন্দকে পত্র, লস এঞ্জেলস, ২রা ডিসেম্বর, ১৯৬৮)

“শাস্ত্রে বহু বিধি-নিষেধ রয়েছে এবং গুরুদেবও বহু বিধি-নিষেধের নির্দেশ দেন। সেই সমস্ত বিধি-নিষেধই ‘সর্বদা বিষ্ণুকে মনে রাখা উচিত এবং কখনই তাঁকে ভুলে যাওয়া উচিত নয়’ এই দুইটি মুখ্য বিধির অনুগত। কেউ যখন ‘হরেকৃষ্ণ মহামন্ত্র’ কীর্তন করেন তখনই কেবল তা সম্ভব। তাই নিষ্ঠা সহকারে দিনের মধ্যে চব্বিশ ঘণ্টাই ‘হরেকৃষ্ণ মহামন্ত্র’ কীর্তন করা উচিত। গুরুদেবের নির্দেশ অনুসারে অন্যান্য কর্তব্য থাকতে পারে, তবে প্রথম কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সংখ্যক নাম জপ করা। আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দোলনে, আমরা নির্দেশ দিয়েছি, নবীন ভক্তেরা অন্ততপক্ষে প্রতিদিন ১৬ মালা ‘হরেকৃষ্ণ মহামন্ত্র’ জপ করেন। কৃষ্ণকে মনে রাখা এবং তাঁকে ভুলে না যাওয়ার ব্যাপারে এই ১৬ মালা জপ অবশ্য কর্তব্য। সমস্ত বিধির মধ্যে, গুরুদেবের নির্দেশ অনুসারে অন্ততপক্ষে ১৬ মালা জপ করা কর্তব্য।”
(শ্রীচৈতন্য চরিতামৃত, মধ্যলীলা, ২২.১১৩ তাৎপর্য)

“ষোল….ষোল মালা জপ করতে কেবল ২ ঘণ্টা সময় লাগে……তো তোমাকে ২৪ ঘণ্টার মধ্যে কৃষ্ণের জন্য ২ ঘণ্টা সময় দিতে হবে।” (স্টো লেকে প্রাতঃভ্রমণ, ১৯৬৮ সালের ২৩শে মার্চ, সান ফ্রান্সিসকো)

“শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন সংখ্যাপূর্বক নাম জপ করতেন। গোস্বামীগণ শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতেন এবং হরিদাস ঠাকুরও সেই পন্থা অনুসরণ করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু অন্যান্য নিত্যকৃত্যের সঙ্গে সংখ্যাপূর্বক হরিনাম জপ করার পন্থা প্রবর্তন করে গেছেন, যা এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে (তোমার দুই হস্ত বদ্ধ নাম-গণনে)। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর হাতে নাম গণনা করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এক হাতে জপ করতেন এবং অন্য হাতে সেই জপের সংখ্যা গণনা করতেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তদের প্রতিদিন অন্ততঃ ষোল মালা জপ করা অবশ্য কর্তব্য। এটি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের নির্ধারিত সংখ্যা। (শ্রীচৈতন্য চরিতামৃত, মধ্যলীলা ৭.৩৭)

আমার বার্তা

আমি কিছু চিঠি পেয়েছি যেখানে তারা জানতে চেয়েছে যে, তারা তাদের জপ কমিয়ে দিয়েছে এবং সেটি ঠিক আছে কিনা।

আমি আমার সমস্ত দীক্ষিত শিষ্যদের মনে করিয়ে দিতে চাই যে, দীক্ষার সময়ে তোমরা ১৬ মালা জপ করার এবং চারটি নিয়ম মেনে চলার প্রতিজ্ঞা করেছ।

হরিদাস ঠাকুর দিনে তিন লক্ষ কৃষ্ণের নাম জপ করতেন এবং তিনি এক লক্ষ নাম উচ্চস্বরে, এক লক্ষ নাম মৃদুস্বরে এবং এক লক্ষ নাম মনে মনে জপ করতেন। আমরা কেবল পঁচিশ হাজার কৃষ্ণনাম বা ১৬ মালা জপ করি। তাই, উচ্চস্বরে জপ করার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়।

আমি প্রতিদিন শ্রীনামামৃত গ্রন্থটি পড়ছি এবং শ্রীল প্রভুপাদ বলেছেন যে, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা কতটা উপকারী। যদিও কলিযুগ দোষে পরিপূর্ণ, এর একটি প্রধান গুণ হলো এই যে, কেবল হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমেই চিন্ময় জগতে ফিরে যাওয়া যায়। তাই কোনো না কোনোভাবে, উচ্চস্বরে, মৃদুস্বরে বা মনে মনে, আমাদের ষোল মালা সম্পূর্ণ করার চেষ্টা করা উচিত।

আর হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের প্রভাব থেকে রক্ষা করে।

যতটা সম্ভব, জপমালা দিয়ে জপ করো। কিন্তু যখন তা সম্ভব নয়, তখন তুমি কাউন্টার মেশিনে জপ করো। যেকোনো উপায়ে, দিনে ১,৭২৮ বার হরেকৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ ১৬ মালা জপ করো এবং জপের মাঝে পঞ্চতত্ত্বের আশীর্বাদ লাভের জন্য পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করো এবং যেকোনো উপায়ে জপের সংখ্যা পূর্ণ করো। এইভাবে বৃদ্ধ বা অসুস্থ হলেও যে কোনো অবস্থাতেই একজন সর্বদা কোনো না কোনো উপায়ে জপ করতে পারে। তোমার জপের মান ভালো না হলে তুমি কৃষ্ণের কাছে ক্ষমা চাইতে পারো।

আমি নানাভাবে শারীরিকভাবে অক্ষম। কিন্তু কোনো না কোনো উপায়ে আমি সর্বদা ১৬ মালার বেশি জপ করি।

তাই সকল শিষ্যের প্রতি আমার অনুরোধ এই যে, যা-ই ঘটুক না কেন, তোমরা জপ করতে থাকবে, কারণ জপ খুব খুব গুরুত্বপূর্ণ।

অনুপ্রেরণার কথা

আমি আপনাদের সকলকে একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক প্রতিবেদন সম্পর্কে জানাতে চাই, এটি ইসকন দক্ষিণ ব্যাঙ্গালুরুর ভক্তদের উদ্যোগে শ্রীমদ্ভাগবত বিতরণ সম্পর্কিত একটি প্রতিবেদন। দু’বছর আগে ইসকন দক্ষিণ ব্যাঙ্গালুরুর ভক্তেরা ‘হার ঘর ভাগবতম’ প্রকল্প শুরু করে, যার অর্থ হলো ‘প্রতি ঘরে ভাগবত’ এবং তারা শ্রীল প্রভুপাদের প্রীতিবিধানার্থে প্রকল্পটি গ্রহণ করেছে। পরপর দু’বছর যাবৎ তারা শ্রীমদ্ভাগবত বিতরণে ছোট এবং মাঝারি ইসকন মন্দিরসমূহের মাঝে প্রথম স্থান অধিকার করেছে।

এই প্রচার ব্যাঙ্গালুরু ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভক্তেরা সারা ভারতের এবং বিশ্বের বিভিন্ন ইসকন মন্দিরের সদস্যদের সাথে নিয়মিতভাবে জুম মিটিংয়ে যোগদান করে শ্রীমদ্ভাগবত বিতরণের এই সেবাটিকে ব্যক্তিগত সেবা হিসেবে গ্রহণ করতে অনুপ্রাণিত করে।

এর ফলাফল চমকপ্রদ হয়েছে। তারা এক সহস্রাধিক ভাগবত সেট বিতরণ করেছে। তারা ভাগবত বিতরণের একটি কাঠামোগত পন্থা তৈরি করেছে এবং শ্রীমদ্ভাগবত সেট বিতরণের ১০৮টি কৌশল সম্বলিত একটি পুস্তিকা তৈরি করেছে, যা ৬টি ভাষায় পাওয়া যায় এবং ভাগবতের ভিত্তিতে একটি দিনপঞ্জি তৈরি করেছে, যা ৯টি ভাষায় পাওয়া যায়।

এই প্রকল্পের অন্যতম একটি বৈশিষ্ট্যসূচক দিক হলো তারা কোন মূল্যছাড়, উপহার অথবা শাস্ত্রদানের প্রলোভন দেয় না। বরং তারা মানুষদের শ্রীমদ্ভাগবতের মহিমা সম্পর্কে বুঝিয়ে তাদেরকে পুরো মূল্যে শ্রীমদ্ভাগবত ক্রয় করতে অনুপ্রাণিত করে। এই ব্যাপারে আরও বিশদ জানতে আপনারা jaganmohanagopaladasa@gmail.com এই ঠিকানায় ইমেইল করতে পারেন।

আর ইসকন শেষাদ্রিপুরম জগন্নাথ মন্দিরের ভক্তবৃন্দ আমাকে জানিয়েছে যে, তারা ভারতে গ্রন্থ বিতরণে এবং সারা বিশ্বের মধ্যে ছোট মন্দির বিভাগের অধীনে তৃতীয় স্থান অধিকার করেছে।

আমি আশা করি এই বার্তাটি আপনাদের সুস্বাস্থ্য এবং কৃষ্ণভাবনামৃতের আনন্দে পাবে।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী

জেপিএস/আরআরএসডিবি