আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির

তারিখ: ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬

বিশেষ কার্যক্রম

এখন গৌর পূর্ণিমা মহোৎসব চলছে এবং শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে, সারা বিশ্বের ভক্তেরা এই সময়ে শ্রীধাম মায়াপুরে আসুক। ১৩ই ফেব্রুয়ারি বিজয় একাদশীর দিনে গরুড়ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে এই মহোৎসবের উদ্বোধন করেছি। তার পূর্বে ৪ঠা ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি আমাদের জিবিসি বার্ষিক জেনারেল বডি মিটিং এবং অন্যান্য মিটিং ছিল।

১৯৭৭ সালে শ্রীল প্রভুপাদ আমাকে একজন জিবিসি হিসেবে মনোনীত করেছেন। তো সেই বছর আমি প্রথমবার জিবিসি মিটিংয়ে অংশগ্রহণ করেছি। সেসময় আমার অঞ্চল ছিল কেবল পূর্ব ভারত: বঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা। আমার মনে হয় আমি ছিলাম শ্রীল প্রভুপাদ কর্তৃক মনোনীত সর্বশেষ জিবিসি।

সপ্তাহে তিনদিন আমার ডায়ালাইসিস থাকে এবং সচরাচর আমি তা সকালে করি। কিন্তু আমি ডায়ালাইসিসের সময় পরিবর্তন করে বিকেলের দিকে নিয়ে গিয়েছি যাতে আমি সশরীরে জিবিসি মিটিংয়ের প্রাতঃকালীন অধিবেশনে অংশগ্রহণ করতে পারি এবং বিকেলের অধিবেশনসমূহে আমি ডায়ালাইসিস চলাকালে অনলাইনে অংশগ্রহণ করেছি। আমার অনেক শারীরিক প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমি শ্রীল প্রভুপাদের প্রতি আমার সেবাসমূহ সম্পন্ন করতে চেষ্টা করছি। তাই আমি বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করতে এবং বিভিন্ন সেবা করতে অত্যন্ত উৎসাহী।

তারপর ছিল আমাদের শ্রবণ উৎসব, বৈদিক তারামণ্ডল মন্দিরের যজ্ঞশালা উদ্বোধন, কীর্তনমেলা এবং সংকীর্তন অ্যাওয়ার্ডস। আগামীকাল আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অধিবাস অনুষ্ঠান উদযাপন করব। যেহেতু আমি একটি নিবিড় চিকিৎসাপদ্ধতির মধ্যে ছিলাম, আমার চিকিৎসকেরা সংক্রমণের ঝুঁকি কমাতে আমাকে জনাকীর্ণ স্থান এড়িয়ে চলতে বলেছেন। তাই কিছু অনুষ্ঠানে আমি অনলাইনে অংশগ্রহণ করেছি এবং কিছু অনুষ্ঠানে আমি সশরীরে যোগদান করেছি।

শ্রীল প্রভুপাদের বার্তা

আমি ব্যক্তিগতভাবে দেখেছি কীভাবে শ্রীল প্রভুপাদ আমাদের কল্যাণের জন্য গ্রন্থ অনুবাদ করতে কতটা ত্যাগ স্বীকার করেছেন। কখনও কখনও তিনি আমায় মাঝরাতে, রাত ১টা বা ২টায় ডেকে পাঠাতেন এবং যখন আমি তাঁর কক্ষে যেতাম, আমি দেখতাম যে, তিনি গ্রন্থ অনুবাদ করছেন। শ্রীল প্রভুপাদ এব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন যে, তাঁর অনুসারীরা যেন তাঁর গ্রন্থাবলি অধ্যয়ন করে।

“প্রচার ব্যতিরেকে, কৃষ্ণভাবনামৃতের দর্শন উপলব্ধি ব্যতিরেকে, তোমরা তোমাদের শক্তি বজায় রাখতে পারবে না। আমরা যে দর্শন ব্যাখ্যা করছি, প্রত্যেকের সেই সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়া উচিত…। তার অর্থ হলো তোমাদের প্রতিদিন পূঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা উচিত।” প্রাতঃভ্রমণ, ১২ই ডিসেম্বর, ১৯৭৩, লস এঞ্জেলস।

“আমি আমার সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি প্রতিদিন অব্যর্থভাবে আমার গ্রন্থসমূহ অধ্যয়ন করার জন্য। এইভাবে তোমাদের মন যদি প্রতিদিন অন্ততঃ এক বা দু’ঘণ্টার জন্য শ্রীমদ্ভাগবত, ভগবদগীতা এবং অন্যান্য গ্রন্থাবলির অপ্রাকৃত বিষয়ে নিমগ্ন থাকে, তাহলে খুব সহজেই তোমরা কৃষ্ণভাবনামৃতে উন্নতি লাভ করবে।”
ভার্গবকে পত্র, ১৩ই জুন, ১৯৭২, লস এঞ্জেলস।

“আমাদের প্রাত্যহিক ১৬ মালা জপের পাশাপাশি অবশ্যই ভগবদগীতার অন্তত একটি অধ্যায় পড়া উচিত। প্রতিদিন ভগবদগীতার একটি করে অধ্যায় পড়ো, এবং এইভাবে ১৮ দিন পর আমাদের একবার ভগবদগীতা অধ্যয়ন সম্পন্ন হবে। চার বা পাঁচবার এইভাবে ভগবদগীতার সম্পূর্ণ অধ্যয়নের পর আমরা ভগবদগীতা যথাযথভাবে বুঝতে পারব এবং আমাদের সমস্ত প্রশ্ন এবং সন্দেহের উত্তর মিলবে। আমরা এই গ্রন্থাবলি প্রকাশ করছি অর্থের জন্য নয়, কিন্তু সকল ভক্তেরা যেন অধ্যয়ন করতে পারে এবং উপলব্ধি করতে পারে সেজন্য এই গ্রন্থাবলি প্রকাশ করছি। জন্মাষ্টমীর দিন আগামী সেপ্টেম্বরে যেসকল শিক্ষার্থী আগ্রহী, তারা ভগবদগীতার উপর একটি পরীক্ষা দিতে পারে। যারা উত্তীর্ণ হবে, তারা একটি সনদপত্র পাবে এবং ‘ভক্তিশাস্ত্রী’ উপাধি পাবে, যা হলো একটি আনুষ্ঠানিক পরিচালক পদ।” সকল মন্দিরের উদ্দেশ্যে পত্র: নিউইয়র্ক, ২৪শে নভেম্বর, ১৯৬৮।

“আমাদের যেসমস্ত গ্রন্থ-ই আছে, তা আমাদের অধ্যয়ন করা উচিত। ভক্তিশাস্ত্রী মানে ভক্তিরসামৃতসিন্ধু, ভগবদগীতা, উপদেশামৃত, জন্ম-মৃত্যুর পরপারে – এইভাবে আমরা দশটি গ্রন্থ বাছাই করেছি। এটি হলো ভক্তিশাস্ত্রী। তারপর আমরা ভাগবতে আসি, তারপর এইভাবে শ্রীচৈতন্য চরিতামৃতে। তো আগামী বছর থেকে যদি কেউ ভক্তিশাস্ত্রীতে উত্তীর্ণ হতে না পারে, তবে সে ব্রাহ্মণ দীক্ষা পেতে পারবে না।”
প্রাতঃভ্রমণ, ৬ই জানুয়ারি, ১৯৭৬, নেল্লোর।

আমার বার্তা

আমি বহুবার শ্রীল প্রভুপাদের সমস্ত গ্রন্থ অধ্যয়ন করেছি কিন্তু আমি সেগুলি পদ্ধতিগতভাবে অধ্যয়ন করতে ও ডিগ্রি লাভ করতে চেয়েছিলাম। গত সপ্তাহে আমাকে ভক্তিসার্বভৌম ডিগ্রি প্রদান করা হয়েছে এবং আমি চাই আমার সমস্ত শিষ্য যেন গ্রন্থাবলি অধ্যয়ন করে ও ডিগ্রি লাভ করে ও আধ্যাত্মিক যোগ্যতাসম্পন্ন হোক।

শ্রীল প্রভুপাদ যে পন্থা তৈরি করেছিলেন যে, ভক্তিশাস্ত্রীর জন্য ভগবদগীতা, ভক্তিরসামৃতসিন্ধু, উপদেশামৃত ও শ্রীঈশোপনিষদ অধ্যয়ন করতে হবে। তারপর ভক্তিবৈভব হলো শ্রীমদ্ভাগবতের প্রথম ছয়টি স্কন্ধ অধ্যয়ন, ভক্তিবেদান্তের জন্য সপ্তম থেকে দ্বাদশ স্কন্ধের অধ্যয়ন। তারপর ভক্তিসার্বভৌম হলো শ্রীচৈতন্য চরিতামৃত অধ্যয়ন।

জিবিসি মিটিংয়ের সময় শ্রীপাদ বৈশেষিক প্রভু ও শ্রীপাদ চৈতন্যচন্দ্র চরণ প্রভুকে ভক্তিবেদান্ত ডিগ্রি প্রদান করা হয়েছে। তো এটি দেখা অত্যন্ত অনুপ্রেরণার যে, শ্রীল প্রভুপাদের শিষ্যবৃন্দ ও অন্যান্য বরিষ্ঠ ভক্তরা নিজেরা মহান দৃষ্টান্ত স্থাপন করছেন। যখন আমি ইসকন খারগড় মন্দির পরিদর্শন করেছি, আমাকে বলা হয়েছে যে, তাদের ‘ভক্তিবেদান্ত কলেজ অব বৈদিক এডুকেশন’ ইনস্টিটিউটে বর্তমানে ২৫০ জন ভক্ত ভক্তিশাস্ত্রী কোর্স গ্রহণ করছে। নিয়মিত কোর্সগুলি ছাড়াও কেউ সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে ডিগ্রি লাভ করতে পারে। যারা ৪০ বছরের ঊর্ধ্বে ও যারা পরিচালনার পদে রয়েছে এবং যদি তারা শাস্ত্র খুব ভালোভাবে জানে, তারা সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করতে হয়।

শ্রীল প্রভুপাদ তা চেয়েছেন। তিনি চেয়েছেন মানুষেরা যেন তাঁর গ্রন্থাবলি অধ্যয়ন করে, দক্ষ হয়। তিনি বলেছেন, আমাদের উকিলের মতো হওয়া উচিত। যা কিছুই আমরা করি না কেন, যা কিছু আমরা বলি, তা যেন সাধু, শাস্ত্র ও গুরুর ভিত্তিতে হয়।

অনুপ্রেরণার কথা

ইসকন কোয়েম্বাটোর থেকে ভক্তরা আমাকে তাদের “গীতাথন” এর একটি প্রতিবেদন পাঠিয়েছে। এটি শ্রীল ভক্তিবিনোদ স্বামী মহারাজের একটি পরিকল্পনা এবং তারা তা বিভিন্ন স্কুলে করেছে, তাদের ভগবদগীতা শিক্ষার উপর। বিগত তিন বছরের উপরে এই প্রচেষ্টা ক্রমেই বর্ধিত হচ্ছে। প্রতি বছর তারা ২,০০০ শিশুর কাছে পৌঁছায় এবং এই বছর তারা ৩০টির অধিক স্কুলের ৪,০০০ এর অধিক শিশুর কাছে পৌঁছেছে। প্রতিটি শিক্ষার্থী একটি ভগবদগীতার উপহার সামগ্রী পেয়েছে যেখানে ছিল ভগবদগীতা, গীতাথন হ্যান্ডবুক ও একটি জপথলিসহ জপমালা।

ইস্ট লন্ডন ভক্তিবৃক্ষ থেকে ভক্তরা আমাকে আরও একটি অনুপ্রেরণামূলক গ্রন্থ বিতরণের প্রতিবেদন পাঠিয়েছে যে, তারা টানা ১১ বছর ধরে ম্যারাথন মাসে ১০,০০০ এর অধিক বড় গ্রন্থ বিতরণ করছে। তারা বলেছে যে, প্রতি মাসে ১০,০০০ বড় গ্রন্থ বিতরণের শ্রীল প্রভুপাদের আমার প্রতি নির্দেশনা, তার দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছে। এই বছর তারা সর্বমোট ২০,৩৬০ টি গ্রন্থ বিতরণ করেছে।

আমি নিরন্তর চিন্তা করছি কিভাবে সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলন বিস্তার করা যায়। এখন আমি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরির কাজ করছি। কিছু ভক্তরা আমাকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক হয়েছে। আপনারা যদি ভিডিও তৈরিতে দক্ষ হন, আপনারা এই ফর্মটি পূরণ করতে পারেন- https://form.jotform.com/260391208286054 । আমি ভক্তদের ধন্যবাদ জানাই, যারা ইতিমধ্যেই এই সেবায় সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী

জেপিএস/আরআরএসডিবি

অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ:

অ্যাপ আইফোন:https://apps.apple.com/us/app/id967072815

অ্যাপ এন্ড্রয়েড:https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp

অফিসিয়াল ওয়েবসাইট:https://www.jayapatakaswami.com

প্রবচনসমূহ (অডিও ও প্রতিলিপি):https://jayapatakaswamiarchives.net

ইউটিউব চ্যানেল:http://youtube.com/jayapatakaswamiofficial
https://youtube.com/@jayapatakaswamibangla?si=Y8S59Cwhk6Esk5Yv

সাউন্ডক্লাউড প্রবচন ও কীর্তন:
http://www.soundcloud.com/jayapatakaswami

ফেইসবুক:
http://www.facebook.com/Jayapatakaswami
https://www.facebook.com/JayapatakaSwamiBanglaOfficial

টেলিগ্রাম চ্যানেল:
https://t.me/JayapatakaSwami
https://t.me/JayapatakaswamiBangla

হোয়াটসঅ্যাপ চ্যানেল:
https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G
https://whatsapp.com/channel/0029Va7wCSc96H4SC0spsf0q

ইনস্টাগ্রাম পেইজ: http://www.instagram.com/Jayapatakaswamionline