
আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী, শিক্ষা, প্রশিষ্য-শিষ্যা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ,
উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা ও প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!
আমার হোমবেইজ থেকে লিখিত: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
তারিখ: ১লা ফেব্রুয়ারি, ২০২৬
বিশেষ কার্যক্রম
আজ পূর্ণিমা এবং আগামী পূর্ণিমা হবে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। শ্রী মায়াপুর ধাম উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে। সম্প্রতি আমরা অদ্বৈত সপ্তমী, বরাহ দ্বাদশী ও নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করেছি।
আমার স্টেরয়েড থেরাপি থেকে ক্রমাগত বেরিয়ে আসার আজ অষ্টম দিন। আমার নেফ্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী আমি দু’সপ্তাহ যাবৎ উচ্চমাত্রার স্টেরয়েড গ্রহণ করছিলাম এবং এখন ক্রমাগত তা কমানো হচ্ছে। এই সময়ে আমি রাতে বেশি ঘুমোতে পারিনি, যা হলো একটি ওষুধের অন্যতম একটি পার্শ্বপ্রতিক্রিয়া; এটি আমাকে আগেই বলা হয়েছিল। তাই আমার প্রতি শ্রীল প্রভুপাদ প্রদত্ত নির্দেশনাবলি সম্পর্কে এবং কিভাবে অপরিমিতভাবে কৃষ্ণভাবনামৃত প্রসার করা যায় সেই সম্পর্কে আমি চিন্তা করছিলাম। মাঝে মাঝে শ্রীল প্রভুপাদ আমাকে রাত ১টা বা ২টার দিকে ডাকতেন আমাকে কিছু বলার জন্য। তাই এখন আমি মাঝে মাঝে মধ্যরাতে বা ভোরবেলায় বার্তা লেখার নির্দেশনা দেই যা আমার মনে আসে এবং তা আমি আমার চিঠিপত্রের সচিবের কাছে দেই। আমি জানি না আমার আর কতটা সময় আছে, তাই আমি শ্রীল প্রভুপাদের সেবা করার ও তাঁকে সন্তুষ্ট করার কোন সুযোগ ছাড়তে চাই না। আরও দক্ষতার সাথে সেবাকার্য সম্পাদনের জন্য আমি আমার বিভিন্ন সচিব ও সমন্বায়কদের আরও সুসংবদ্ধ করার চেষ্টা করছি।
শ্রীল প্রভুপাদের বার্তা
শ্রীল প্রভুপাদ বহুবার উল্লেখ করেছেন, তিন প্রকারের ভক্ত বা ভক্তির তিনটি স্তর আছে – কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী ও উত্তম অধিকারী। উত্তম অধিকারী বা মহাভাগবত হলেন সর্বশ্রেষ্ঠ।
“কনিষ্ঠ অধিকারী বা সর্বনিম্ন স্তরের বৈষ্ণব হচ্ছেন তিনি, যাঁর ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধা রয়েছে কিন্তু শাস্ত্রসিদ্ধান্ত সম্বন্ধে তিনি ততটা পারদর্শী নন। মধ্যম অধিকারী শাস্ত্রসিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণরূপে অবগত এবং গুরু ও কৃষ্ণে তাঁর ভক্তি অবিচলিত। তাই, তিনি অভক্তদের পরিহার করেন এবং বালিশ বা অজ্ঞ ব্যক্তিদের কাছে প্রচার করেন। আর সর্বোচ্চ স্তরের ভক্ত মহাভাগবত বা উত্তম অধিকারী কাউকে অবৈষ্ণবরূপে দর্শন করেন না। তাঁর দৃষ্টিতে কেবল তিনি নিজে ছাড়া আর সকলেই বৈষ্ণব।” (শ্রীচৈতন্য চরিতামৃত, আদিলীলা, ৭.৫১ তাৎপর্য)
“প্রত্যেকের মহাভাগবত হওয়ার ক্ষমতা আছে যদি তিনি চেষ্টা করেন। সাধন সিদ্ধ এবং নিত্য সিদ্ধ। প্রহ্লাদ মহারাজ হলেন নিত্যসিদ্ধ এবং সাধন সিদ্ধ ভক্তও আছে, যেমন আমরা। আমরা ভজনের মাধ্যমে, সাধনার মাধ্যমে জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছনোর চেষ্টা করছি। তাই প্রত্যেকের মধ্যে মহাভাগবত হওয়ার সম্ভাবনা আছে, যদি তিনি মহাজনদের অনুসরণ করেন।” (শ্রীমদ্ভাগবতের ৭.৯.৪ শ্লোকের উপর প্রদত্ত প্রবচন, ১১ই ফেব্রুয়ারি, ১৯৭৬, মায়াপুর)
আমার বার্তা
কখনো কখনো শিষ্যেরা আমাকে তাদের সমস্যা এবং দুঃখ-দুর্দশার কথা লিখে। ভগবদ্ভক্তি অনুশীলন করার পরও কেন তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ভেবে তারা নিরুৎসাহিত হয়ে পড়ে। কিন্তু ভগবদ্ভক্তির লক্ষ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টিবিধান করা। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে চাই। যতক্ষণ পর্যন্ত জড় জগতে আছি, এই বিষয়সমূহ অনিবার্য। কিন্তু আমাদের মহাভাগবতের স্তরে পৌঁছাতে হবে। আমাদের মায়ার সাথে লড়াই করে সেই যুদ্ধে জয়ী হতে হবে।
তাই প্রতিকূল সময়ে প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভর করা, ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করা-ই হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণ: আরও ঐকান্তিকভাবে জপ করা, পূর্ণ মনোযোগ সহকারে গায়ত্রী মন্ত্র জপ করা, আরও সতর্কতার সাথে শ্রবণ করা, শাস্ত্র অধ্যয়ন করা এবং ভগবদ্ভক্তিতে আমাদের নিজেদেরকে নিমগ্ন করা।
যদি আমরা প্রতিকূল সময়ে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভর করতে শিখি, তাহলে মৃত্যুর সময় যখন আমরা চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হব, আমরা অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হতে পারব এবং তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাব।
শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন আমরা যেন প্রতিদিন তাঁর গ্রন্থাবলি পড়ি এবং অধ্যয়ন করি এবং ঠিক যেভাবে একজন আইনবিদ আইন শাস্ত্র শেখে, ঠিক সেভাবেই যেন গ্রন্থাবলি শিখি। তিনি বলেছেন, অধ্যায় এবং শ্লোকসহ সবকিছু আমাদের অবশ্যই জানা উচিত।
আমার বিভিন্ন শারীরিক সমস্যা আছে। একজন আয়ুর্বেদিক চিকিৎসক আমাকে বিনম্রভাবে বলেছে যে, আমার দেহ রোগব্যাধির একটি জাদুঘরস্বরূপ! কিন্তু আমি ৫৮ বছর যাবৎ কৃষ্ণভাবনামৃত অনুশীলন করছি এবং বিভিন্ন সেবা করতে অত্যন্ত উৎসাহী।
বিগত ১৫দিনে আমি ৪১৩ মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছি, অর্থাৎ আমি গড়ে প্রতিদিন ৩০ মালা করে জপ করেছি এবং শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলি আরও একবার অধ্যয়নের পর আমি এখন নিয়মিত হরিভক্তিবিলাস পড়ছি।
অনুপ্রেরণার কথা
আমি ম্যারাথন মাসের গ্রন্থ বিতরণ সম্পর্কে অনেক অনুপ্রেরণামূলক প্রতিবেদন পেয়েছি। মিশিগানে ৩০ জন গৃহস্থ ভক্তদের একটি দল, যার অন্তর্ভুক্ত ছিল শিশুরাও এবং এই দলটির নেতৃত্ব প্রদান করেছে সন্তুষ্ট ব্রজনাথ দাস, তুলসী সুগোপী দেবী দাসী এবং সচ্চিদানন্দ গিরিধারী দাস প্রমুখ আমার কতিপয় শিষ্য-শিষ্যা। এই দলটি ডিসেম্বর মাসে ১১,৬৩১টি গ্রন্থ বিতরণ করেছে। তারা প্রতিদিন গ্রেট লেকস ক্রসিং মলে গ্রন্থ বিতরণ করেছে, যা মিশিগান বৃহত্তর আউটলেট মলের মধ্যে অন্যতম। যেহেতু বাইরে হিমশীতল আবহাওয়া ছিল, তারা মলের ভেতরে গ্রন্থ প্রচারের এই সুযোগটি কাজে লাগিয়েছে। তারা উল্লেখ করেছে যে, তাদের এই উদ্যোগটি আমার প্রতি শ্রীল প্রভুপাদের প্রতি মাসে ১০,০০০ বড় গ্রন্থ বিতরণের নির্দেশের দ্বারা অনুপ্রাণিত ছিল। তাই তারা শ্রীল প্রভুপাদের নির্দেশ পালনে আমাকে সহায়তা করতে সমবেতভাবে এই সেবাটি করতে চেয়েছে। (https://iskconnews.org/10000-book-sankirtan-challenge-surpassed-at-michigan-mall/)
আরেকজন শিষ্যা আমাকে লিখেছে যে, তার ৩ বছর বয়সী শিশুকন্যা আছে, তাই সে বাইরে গিয়ে সশরীরে গ্রন্থ বিতরণ করতে পারেনি। তাই সে ১০৮টি ভগবদগীতা অনুদানের ব্যবস্থা করার সংকল্প নিয়েছে এবং তার পরিচিত জনদের মাধ্যমে সে ১১৮টি ভগবদগীতার অনুদানের ব্যবস্থা করেছে।
এইভাবে আমি অনেক প্রতিবেদন পেয়েছি। কীভাবে ভক্তেরা গ্রন্থ বিতরণের বিভিন্ন কৌশল খুঁজে বের করে। তা অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং এটি নিশ্চিতভাবে শ্রীল প্রভুপাদের সন্তোষ বিধান করবে।
এখন গৌর পূর্ণিমা মহোৎসব আসছে এবং ৪ঠা মার্চ থেকে জিবিসি মিটিং শুরু হবে। শীঘ্রই মায়াপুরে আমাদের অনেক নেতৃবৃন্দ এবং হাজার হাজার ভক্তবৃন্দ আসতে চলেছে। ইসকনের পারমার্থিক বিশ্ব সদর দপ্তররূপে শ্রী মায়াপুরের ভক্তবৃন্দের উচিত সমস্ত দর্শনার্থী ভক্তদের স্বাগত জানানো এবং তাদের সেবা করা।
জয় নিতাই! জয় গৌর!
আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী
জেপিএস/আরআরএসডিবি
অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ:
অ্যাপ আইফোন:https://apps.apple.com/us/app/id967072815
অ্যাপ এন্ড্রয়েড:https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
অফিসিয়াল ওয়েবসাইট:https://www.jayapatakaswami.com
প্রবচনসমূহ (অডিও ও প্রতিলিপি):https://jayapatakaswamiarchives.net
ইউটিউব চ্যানেল:http://youtube.com/jayapatakaswamiofficial
https://youtube.com/@jayapatakaswamibangla?si=Y8S59Cwhk6Esk5Yv
সাউন্ডক্লাউড প্রবচন ও কীর্তন:
http://www.soundcloud.com/jayapatakaswami
ফেইসবুক:
http://www.facebook.com/Jayapatakaswami
https://www.facebook.com/JayapatakaSwamiBanglaOfficial
টেলিগ্রাম চ্যানেল:
https://t.me/JayapatakaSwami
https://t.me/JayapatakaswamiBangla
হোয়াটসঅ্যাপ চ্যানেল:
https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G
https://whatsapp.com/channel/0029Va7wCSc96H4SC0spsf0q
ইনস্টাগ্রাম পেইজ: http://www.instagram.com/Jayapatakaswamionline