
মূকং করোতি বাচালং
পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে
শ্রীগুরুং দীন তারিণম্ পরমানন্দ মাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং।।
হরিঃ ওঁ তৎ সৎ!
আমি ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই কথা বলব। সকালের প্রবচনে আমি ভক্তিকার্য সম্বন্ধে বলতে চেয়েছিলাম। সাধারণত, আমি আমার শিষ্য-শিষ্যাদের জন্য কিছু ব্যবহারিক উপদেশ দিয়েছি। আমি এখন কিছু পারমার্থিক প্রেক্ষাপট প্রদান করব। আমি ভক্তদের অনুরোধ করেছিলাম যে, তারা যেন তাদের প্রচারকার্য বিস্তার করে এবং কতজন নবাগতকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপে নিযুক্ত করবে তার জন্য একটি অঙ্গীকার গ্রহণ করে। তো, আমি সেই বিষয়ে কথা বলবো। আজ সকালের অধিবেশনে গৌড়ীয় মঠের কিছু সদস্যবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা সবাই এসেছিলেন। যেহেতু তারা উপস্থিত ছিলেন তাই আমি বলছিলাম ‘এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ,’ যদি আমি শুধু ‘প্রভুপাদ’ বলতাম, তাহলে তারা ভাবতেন যে, আমি শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথা বলছি। তাই, আমি বলেছিলাম এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। কিন্তু এখন যদি আমি ‘শ্রীল প্রভুপাদ’ বলি তার মানে হচ্ছে আমি এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কথা বলছি। যদি আমি শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সম্বন্ধে বলতে চাই, তাহলে আমি ওনার নাম বলবো।
ভাব বা রতিতে পৌঁছানোর জন্য আটটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে শ্রদ্ধা। কিছু লোক যখন শোনে যে বড় প্যান্ডেল অনুষ্ঠান হচ্ছে, তখন তারা আসতে ভয় পায়, ভাবে যে এখানে শিষ্যদের মধ্যে আলোচনা হবে। আমি বলছিলাম যে আপনারা এমন কিছু করুন যাতে কোনও নতুন লোক হরেকৃষ্ণ মহামন্ত্র জপ এবং ভক্তিসেবায় নিযুক্ত হয়। এটি এমন একটা কাজ যেটা আপনারা করতে পারেন। আমি এটি করতে পারি না! হয়তো যদি একটা প্যান্ডেল পোগ্রাম হয়, তাহলে আমি হয়তো সেখানে গিয়ে একটা ভাষণ দিতে পারি! যাইহোক, যেকোনোভাবেই হোক, মানুষের মধ্যে শ্রদ্ধা বৃদ্ধি হয় এবং এইভাবে তারা ভক্তদের সঙ্গ লাভ করতে পছন্দ করবে এবং তখন তারা নিয়মিত সৎসঙ্গে যাবে এবং সেটি হচ্ছে ভক্তির আরেকটি ধাপ যেখানে আপনারা সক্রিয় হতে পারেন। কিন্তু এটি নির্ভর করে কীভাবে আপনি ব্যবহার করবেন নবাগতদের সাথে- ভালোবাসা দিয়ে, মিত্রতা দিয়ে, তাদের সাথে সেইভাবে ব্যবহার করুন। যদি তারা ভাবে, “ও এই ভক্তরা এত ভালো! আমি তাদের সাথে মেলামেশা করতে চাই।” আমরা হলাম গোষ্ঠ্যানন্দী, আমরা আরও ভক্ত তৈরি করতে চাই। যখন মানুষেরা আমাদের কাছে আসে, আমরা তাদের তাড়িয়ে দিতে চাই না – “না, আমি তোমার সাথে কথা বলতে চাই না! আমি আমার ভজন করতে চাই!” আমরা এইরকম মনোভাব চাই না। তো, কেউ যদি আসে, সেটা আমাদের সৌভাগ্য, আমরা তাদের ভালোবাসব। এইভাবে যদি মানুষেরা ভক্তদের সঙ্গ লাভ করতে পারে, তারা এটি পছন্দ করবে এবং আরও ভক্তদের সঙ্গ করতে চাইবে এবং জপ করতে চাইবে।
তার পরবর্তী স্তরটি হলো ভজনক্রিয়া। এটি এমন একটি স্তর, যেখানে ভক্তকে জপ-কীর্তন করতে এবং সাধন-ভক্তি চর্চা করতে উৎসাহিত করার জন্য আপনি খুব সক্রিয় ভূমিকা নিতে পারেন। সম্ভবত মন্দিরের অধ্যক্ষ, নামহট্ট নেতা এবং অন্যান্যরা ভক্তদের ভজন ক্রিয়া করতে উৎসাহিত করার জন্য সক্রিয় থাকেন। সাধারণত, ভজন ক্রিয়ার প্রক্রিয়া শেষে তারা দীক্ষা গ্রহণ করেন। এইভাবে দীক্ষা পেলে তারা ১৬ মালা জপ করার এবং চারটি নিয়ম পালন করার ব্রত গ্রহণ করে, যা আমাদের পরবর্তী স্তর অর্থাৎ অনর্থ-নিবৃত্তির দিকে নিয়ে যায়।
বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস এবং কিছু অনর্থ বা অনাকাঙ্ক্ষিত বাসনা থাকতে পারে, যেমন—”আমি এর থেকে কোনো লাভ, কোনো জাগতিক সুবিধা চাই। আমি সম্মান চাই, লোকে আমাকে সম্মান করুক, আমি মহান! ওই ব্যক্তির পদ কেন থাকবে, আমারও সেই পদ পাওয়া উচিত!” এভাবে চিন্তা করা ঠিক নয় এবং আমাদের এই ধরনের হৃদয় বা মানসিকতাকে পরিশুদ্ধ করতে হবে। সময়ের অভাবে আমাকে সংক্ষেপে বলতে হচ্ছে। এটা ব্যাখ্যা করতে গেলে আমার পুরো দিন লেগে যাবে!
যাইহোক, চারটি স্তর হলো, এখন আমরা পরের স্তরে যাব। আপনি এই সব শ্রবণ করুন এবং ভাবুন আপনি কোন স্তরে রয়েছেন। অনেকে মনে করেন যে, “আমি দীক্ষা পেয়েছি, আমার কাজ শেষ!” কিন্তু আসলে, দীক্ষা হলো কেবল পারমার্থিক জন্ম এবং আমাদের আরও অনেক কিছু করার আছে!
তাই যখন আমরা বেশিরভাগ অনর্থ থেকে মুক্ত হই, তখন আমরা ‘নিষ্ঠা’ নামক পর্যায়ে আসি এবং একবার নিষ্ঠার পর্যায়ে পৌঁছালে, তখন একজন খুব সুন্দরভাবে জপ করতে এবং খুব সুন্দরভাবে তার সেবা সম্পাদন করতে পারে। হয়তো, মাঝে মাঝে কেউ দিব্য বা পারমার্থিক আনন্দ অনুভব করতে পারে। তারা প্রতিটি পর্যায়ে আরও বেশি শান্তি অনুভব করে। যখন তারা পরবর্তী পর্যায়ে পৌঁছায়, তখন পারমার্থিক জীবনের রুচি নিয়মিত হতে থাকে।
এই স্তরের নাম হলো রুচি স্তর। এই স্তরে পৌঁছে গেলে কৃষ্ণসেবায়, কৃষ্ণনামে আনন্দ পায়। যদি আপনারা সবসময় আনন্দ না পান, তার মানে আপনারা রুচি স্তরে আসেননি।
হয়তো তার পরবর্তী স্তরে আপনারা পারমার্থিক আনন্দের প্রতি আসক্ত হন। একে বলা হয় আসক্তি স্তর। আপনাদের জন্য এটি মনে রাখা কঠিন কিছু নয়, কারণ এই শব্দটি ইতিমধ্যেই বাংলা – আসক্তি। আমি কিছু উদাহরণ দিতে পারতাম, কিন্তু আমাদের সময় সীমিত।
আসক্তি স্তরে কিছুকাল থাকার পরে সাধক ভাব বা রতি স্তরে পৌঁছে। এই স্তরে সাধক ভগবানের প্রতি ভাব অনুভব করে এবং অষ্টসাত্ত্বিক ভাব প্রদর্শন করে। এখন স্বাভাবিকভাবে সাধন ভক্তি অনুশীলনের মাধ্যমে আপনি এই স্তরে পৌঁছাতে পারবেন।
পরবর্তী স্তরকে বলা হয় প্রেম। এই প্রেম স্তরেরও আটটি ধাপ রয়েছে। আমার এখন সময় নেই সেটি এখানে বর্ণনা করার। এখন, প্রেম পেতে গেলে আপনাদের গৌর-নিতাই অথবা রাধাকৃষ্ণের বিশেষ কৃপা দরকার। প্রতি ধাপে ধাপেই মায়া আপনাকে পরীক্ষা করবেন যে, আপনি সত্যি সত্যিই নিষ্ঠাবান কিনা! ভরত মহারাজ, যার নামে আমাদের পৃথিবী বা আমাদের দেশের নাম হয়েছে ভারত, তিনি ছিলেন সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট। আমরা সেটা চিন্তাও করতে পারব না! সমগ্র পৃথিবীর জন্য একজন সম্রাট। কিন্তু ঠিক যেমন কোন ব্যক্তি মল পরিত্যাগ করে, সেইরকমভাবে তিনি এই সমগ্র পৃথিবী পরিত্যাগ করে বনে গিয়েছিলেন ধ্যান করবার জন্য। উনি ভাব স্তরে পৌঁছে গিয়েছিলেন। তিনি কৃষ্ণনাম করে ক্রন্দন করছিলেন। কিন্তু মায়া তাঁকে পরীক্ষা করেছিলেন তাঁর কাছে একটি হরিণ শাবক পাঠানোর মাধ্যমে এবং তিনি সেই হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। যখন তিনি মৃত্যুবরণ করছিলেন, তাঁর সেই হরিণ শাবক তাঁর মুখমণ্ডল লেহন করছিল, সেই সময় তিনি মনে মনে ভাবছিলেন, কে আমার এই প্রিয় হরিণের দেখাশোনা করবে! তিনি যখন দেহ ছেড়েছেন, তিনি কৃষ্ণভাবনাময় ছিলেন না, তিনি হরিণভাবনাময় ছিলেন! এবং তারপরের জীবনে তিনি হরিণ হলেন। কিন্তু তিনি স্মরণ করলেন যে, পূর্ব জন্মে তিনি সম্রাট ছিলেন। পরবর্তী জন্মে তিনি জড় ভরতরূপে জন্মলাভ করেছেন। তিনি অত্যন্ত সাবধান ছিলেন, তিনি পুনরায় মায়ামোহে জড়িত হতে চাননি! আমি এটা উদাহরণ দিলাম আপনাদের বলার জন্য যে, প্রত্যেক স্তরে মায়া বিভিন্নভাবে চেষ্টা করে পরীক্ষা করতে। সেজন্য আমি বলছি, আপনারা ভক্তিযোগী বা যোগিনী এবং আপনারা মায়ার সাথে যুদ্ধ লাগাচ্ছেন। তিনিও কৃষ্ণভক্ত, তাঁর নাম দুর্গা, যতক্ষণ না পর্যন্ত আমরা যোগ্য হয়ে উঠি তিনি আমাদের জড় জগতে আবদ্ধ করে রাখতে চান। কারা কৃষ্ণের সেবা করতে চান? মায়া আপনাদের পরীক্ষা করবেন!
যাইহোক, আমাকে আমার পাঠ এখানেই বিশ্রাম দিতে হবে। এই ব্যাসপূজা প্যান্ডেল, অনুষ্ঠান এবং সমস্ত কিছুর ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাতে চাই! আমি জানিনা আপনারা আজ সকালে শ্রী শ্রী রাধামাধব ও অষ্টসখীবৃন্দ, পঞ্চতত্ত্ব, প্রহ্লাদ নৃসিংহদেব বিগ্রহগণের সুন্দর পোশাক দর্শন করেছেন কিনা। যারা শ্রীবিগ্রহগণের পোশাকের জন্য অনুদান দিয়েছেন, সেই দাতাদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা পোশকের ডিজাইন করেছেন এবং পোশাক তৈরি করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। এই পোশাকের বিষয়বস্তু হলো বিশাখার কুঞ্জের। প্রথমে তারা আমাকে বলেছিল এটি ললিতা দেবীর কুঞ্জের উপর আধারিত, এখন আমাকে বললো যে, এটি বিশাখা দেবীর কুঞ্জের উপর আধারিত। যাই হোক, এই পোশাকের মধ্যে চাঁপাফুল এবং মৌমাছি রয়েছে। অপূর্ব সুন্দর! অপূর্ব সুন্দর! তো আমি এখানে সাফারি অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত রয়েছি। এখন তারা বলছে আমার জন্য একটা বিশেষ টিভির মতো কিছু আছে। আমি সকালে আপনাদের অনুরোধ করেছিলাম মধ্যপ্রাচ্যের সমস্ত ভক্তদের জন্য প্রার্থনা করতে যেন এই সংকটকালীন পরিস্থিতিতে তারা শান্তিতে থাকতে পারে। আপনারা কি তা করেছেন? ধন্যবাদ!
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে!
~শ্রীল জয়পতাকা স্বামী,
২৯শে মার্চ, ২০২৬
শ্রীধাম মায়াপুর