আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষা শিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
ক্যাম্প: কুয়ালালামপুর

তারিখ: ১৭ই এপ্রিল, ২০২৬

বিশেষ কার্যক্রম

শ্রীমায়াপুর ধামে ব্যাসপূজার দু’দিন পর আমরা ইসকন ইন্ডিয়া ব্যুরোর মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করি। গত ডিসেম্বর মাসে যখন আমি মুম্বাই গিয়েছিলাম, তখন ইসকন খারঘরে অবস্থান করেছিলাম এবং সে সময় জুহুর ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এপ্রিল মাসে আমি ইসকন জুহুতে অবস্থান করব। সেই অনুযায়ী, এবার আমি এক সপ্তাহ ইসকন জুহুতে অবস্থান করেছি। সেখানে আমি প্রবচন প্রদান করেছি এবং একটি দীক্ষা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল।

৭ই এপ্রিল আমরা মুম্বাই থেকে ইসকন বিশাখাপত্তনমে যাত্রা করেছি, কারণ তারা কয়েকটি প্রচার কার্যক্রমের আয়োজন করেছিল। আমার প্রিয় শিষ্য ও শিষ্যা সাম্ব দাস অধিকারী এবং নিতাই সেবিনী দেবী দাসীর নির্দেশনায় মন্দিরের অগ্রগতি এবং বিভিন্ন প্রচার কার্যক্রম দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। তারা EIDC (ইস্ট ইন্ডিয়া ডিভিশনাল কাউন্সিল)-এর জন্য ব্রহ্মচারী সঙ্গোৎসবের আয়োজনও করেছিল। আমি সেখানে দু’বার বক্তব্য প্রদান করেছি এবং তারা নগর সংকীর্তন ও ভজন ক্লাবিং-এরও আয়োজন করেছিল।

১১ই এপ্রিল আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করি এবং ১৫ই এপ্রিল কুয়ালালামপুরে যাত্রা করেছি, যেখানে রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠান রয়েছে।

আমি বিশাখাপত্তনম এবং চেন্নাই উভয় স্থানেই “ভজন ক্লাবিং”-এ অংশগ্রহণ করেছি। এই কার্যক্রম সমগ্র ভারত জুড়ে চলছে। মুম্বাইতেও তারা এই একই ধরনের একটি অনুষ্ঠান করেছিল। এখানে কিছু মানুষ কীর্তন করেন, আর অন্যরা কেউ নৃত্য ও কীর্তন করেন। কীর্তনের জন্য তারা পাশ্চাত্য বাদ্যযন্ত্রও ব্যবহার করে। এমনকি কর্মীরাও এতে অংশগ্রহণ করছে। এটি সত্যিই চমৎকার যে মানুষ কেবল কীর্তন ও পরমানন্দে নৃত্যের জন্য অর্থ প্রদান করে অংশগ্রহণ করছে। বিশাখাপত্তনমে ২০০০ জনেরও বেশি মানুষ এবং চেন্নাইতে ১৮৫০ জন মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অর্থ প্রদান এবং অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল — তারা হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছে, নৃত্য করেছে এবং প্রসাদ গ্রহণ করেছে।

আমরা খুবই বিপদজনক সময়ে অবস্থান করছি। আমরা পশ্চিম এশীয় যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি। এবং একমাত্র আশা হলো এই প্রকার সংকীর্তন। আমি নামামৃতের ২০তম অধ্যায়ে অধ্যয়ন করেছি যে, দিব্যনাম সংকীর্তনের মাধ্যমে কেউ অপরাধপ্রবণতা বন্ধ করতে পারে।

আমার স্বাস্থ্য দল বলছে যে, আমার একটি ব্যস্ততাপূর্ণ কার্যসূচি রয়েছে এবং আমি তাদের বলেছি যে, আমি নিষ্ক্রিয় হয়ে থাকতে চাই না; কিন্তু আমি আমার প্রচারকার্য ও থেরাপিসমূহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাই।

শ্রীল প্রভুপাদের বার্তা

শ্রীল প্রভুপাদ অনেক জায়গায় গুরুদেবের দায়িত্ব প্রসঙ্গে উল্লেখ করেছেন। শ্রীমদ্ভাগবতের ৫.৫.১৮ শ্লোকের তাৎপর্যে তিনি লিখেছেন যে, কারো গুরুদেব হওয়া উচিত নয়, যদি সে তার শিষ্যকে জন্ম-মৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে সক্ষম না হয়।

“যিনি তাঁর আশ্রিত জনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু, পিতা, পতি, জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয়।” (শ্রীমদ্ভাগবত ৫.৫.১৮)

গুরুদেবের দায়িত্ব হলো দীক্ষার পূর্বে শিষ্যকে পরীক্ষা করা যে, সে কতটা নিষ্ঠা সহকারে ভগবদ্ভক্তি অনুশীলন করতে চায় এবং তাকে উপযুক্ত ভক্তিমূলক সেবায় নিযুক্ত করা।

“শিষ্য যখন পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে, তখন গুরুদেব অত্যন্ত আনন্দিত হয়ে হাসেন এবং মনে করেন, “আমার শিষ্য কত সফল হয়েছে!” তিনি এতই আনন্দ অনুভব করেন যে, তিনি হাসেন যেন তিনি শিষ্যের সাফল্য উপভোগ করছেন, ঠিক যেমন শিশু-সন্তানকে তার পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে দেখে অথবা হামাগুড়ি দিতে দেখে, হাস্যময় পিতা-মাতা আনন্দ অনুভব করেন।” (শ্রীচৈতন্য চরিতামৃত, আদিলীলা ৭.৮২ তাৎপর্য)

আমার বার্তা

আমি ভাবছিলাম শ্রীল প্রভুপাদ আমাকে ৫০,০০০ শিষ্য গ্রহণ করতে বলেছেন এবং শ্রীল প্রভুপাদ যখন সেই আদেশ দিয়েছিলেন, তখন এটি বেশ সহজ ছিল। কিন্তু তাদেরকে জন্ম-মৃত্যুর চক্র থেকে উদ্ধার করার দায়িত্ব অনেক বেশি জটিল এবং গুরু।

আমার থেকে দীক্ষা গ্রহণ করা সকল ভক্তকে আমি উদ্ধার করতে চাই, যদি এর চেয়ে বেশি কাউকে না-ও হয়। আর এই চিন্তা আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। আমি সবাইকে উদ্ধার পেতে দেখতে চাই। এই জীবনের শেষে আমি সকলকে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করতে দেখতে চাই। সেটি সফল করতে আমি বিভিন্ন উপায়ের চিন্তা করছি এবং আমি চাই আপনারা আমাকে অনুসরণ করুন, এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করুন এবং কৃষ্ণভাবনায় থাকুন, ভক্তিযোগ অনুশীলনে অত্যন্ত দৃঢ় হোন, বৈষ্ণবী এবং বৈষ্ণব হোন, যোগী ও যোগিনী হোন। আমরা মায়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভক্তিযোগ অনুশীলন করছি। আমরা একটি যুদ্ধের মাঝে রয়েছি এবং আমাদের এই আন্দোলনকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে — জপ, সেবা দান, আর্থিক সহায়তা, সহমর্মিতা, ইসকনে থাকা এবং অন্যান্য অনেক কিছু। আমি সাম্প্রতিক ব্যাসপূজায় এই ব্যাপারে বলছিলাম। কিন্তু আমি ভাবছি কীভাবে ভক্তদেরকে আরও বেশি কৃষ্ণভাবনাময় করে গড়ে তোলা যায়, কীভাবে তারা এজীবনেই কৃষ্ণকে লাভ করতে পারবে। কিন্তু এই লক্ষ্য অর্জনে আপনাদের খুব খুব দৃঢ় হতে হবে।

এমন নয় যে কেবল আমি এটি করতে পারব। আপনাদেরকে এটি করতে হবে। আপনাকে জপ করতে হবে। আপনাকে সেবা করতে হবে। আপনাকে শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আপনার নিজের প্রতিশ্রুতি নিতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি সেবা যে আমি প্রত্যেক শিষ্য ও এমনকি অন্যদেরকেও জন্ম-মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করতে দেখতে চাই। তারা ভগবদ্ধামে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে উদ্ধার লাভ করুক। তাই ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেশ পালন করুন, এই আন্দোলনকে, শ্রীল প্রভুপাদ যা বলেছেন —সেগুলিকে খুব গুরুত্বের সাথে গ্রহণ করুন এবং আপনি এই জীবনেই কৃষ্ণলোকে ফিরে যাবেন।

আমার নিজের প্রত্যেক শিষ্যের এই জীবনে কৃষ্ণভাবনাময় হবার বাসনার দৃঢ়তা যাচাই করে দেখার কথা, কিন্তু আমি স্থানীয় প্রচারকদের সুপারিশের ওপর নির্ভর করছি এবং একইসাথে সকল শিষ্যেরও আমাকে অনুসরণ করতে হবে এবং আপনাকে উদ্ধার করতে আমার সেটিই প্রয়োজন হবে।

অনুপ্রেরণামূলক কথা

ইসকন বিশাখাপত্তনমে আমার ভ্রমণকালে সাম্ব দাস অধিকারী এবং নিতাই সেবিনী দেবী দাসীর সেবাসমূহ দেখে আমি চিন্তা করছিলাম কীভাবে এক কৃষ্ণভাবনাময় দম্পতি ইসকনের সেবায় এতটা সেবা করতে পারে। তারা উভয়েই চমৎকার সেবা করছে। নিতাই সেবিনী দেবী দাসী ৫টি ভাষায় প্রচার করে, তার স্বামীকে মন্দির পরিচালনায় সহায়তা করে, সে পিএইচডি এবং ভক্তিবেদান্ত ডিগ্রিও লাভ করেছে। সে “ডিভাইন টাচ স্কুল” এর প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ। তাই সে কেবল মন্দির অধ্যক্ষের পত্নীই নয়, বরং সে এই শিক্ষামূলক সেবা করছে এবং সে কিছু গ্রন্থ প্রকাশ করেছে। সাম্ব দাস ভক্তিবৈভব সম্পন্ন করেছে এবং ভক্তিবেদান্ত অধ্যয়ন সম্পন্ন করছে। তাই কীভাবে এক কৃষ্ণভাবনাময় দম্পতি একসাথে এতটা সেবা করতে পারে তা দেখা অত্যন্ত অনুপ্রেরণামূলক।

আমি আশা করি এই বার্তাটি আপনাদের সুস্বাস্থ্য এবং কৃষ্ণভাবনামৃতের আনন্দে পাবে।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী