আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।

জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
ক্যাম্প: ডালাস

তারিখ: ১৫ই মে, ২০২৬

বিশেষ কার্যক্রম

তিন বছর ব্যবধানের পর আমি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। ইসকন দিল্লিতে নৃসিংহ চতুর্দশী উদযাপনের পর ৭ই মে আমরা যুক্তরাজ্যে যাত্রা করি। তিন বছর পর আবারও এটি ছিল একটি দীর্ঘ ফ্লাইটে ভ্রমণ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জন্য যাত্রাপথটি দীর্ঘ ছিল, তাই যুক্তরাজ্যে যেতে আমাদের নয় ঘণ্টাব্যাপী ফ্লাইট নিতে হয়।

লন্ডন হিথ্রো বিমানবন্দরে ৪০০ জন ভক্ত আমাকে স্বাগত জানায়, সমাগত ভক্তেরা উচ্চৈঃস্বরে “গৌরাঙ্গ! হরিবোল!” কীর্তন করছিল। পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ভক্তদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছিল এবং এমনকি তারা আমাকে নিচতলায় গাড়ি পার্কিংয়ের স্থানে গিয়ে সাধারণভাবে বিমানবন্দর ত্যাগ করতে দেয় নি। যখন আমি লিফটে করে উপরের তলায় লাউঞ্জে গেলাম, তারা উপরে এসে আমাকে অনুরোধ জানায় আমি যেন গোপনে ৬ষ্ঠ তলা থেকে বেরিয়ে যাই! তো এটি ছিল একটি বিশাল ব্যাপার – মর্যাদাসম্পন্ন ব্যক্তিগণ, ফুটবল তারকা, মুভি তারকা – কেউই এই ধরনের অভ্যর্থনা লাভ করে না। ভক্তেরা এতই উল্লসিত ছিল যে, তারা পুলিশের কথা শোনেনি, তারা কারো কথা শোনেনি। তারা কেবল ‘হরিবোল’ বলতে বলতে নৃত্য-কীর্তন করছিল।

আমি এটি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, যুক্তরাজ্যে প্রচার এতটা বিস্তার লাভ করেছে এবং আমার পৌঁছানোর পর এবারই প্রথমবারের মতো এত সংখ্যক ভক্ত আমাকে অভ্যর্থনা জানিয়েছে।

বিমানবন্দর থেকে আমরা বার্মিংহামে ভ্রমণ করেছি এবং ৩ দিন সেখানে অবস্থান করেছি। ইউরোপের বিভিন্ন অংশ থেকে আগত ভক্তদের জন্য একটি দীক্ষা অনু্‌ষ্ঠান ছিল। তারপর আমরা ২৪ ঘণ্টা কীর্তন মহোৎসবে যোগদান করেছি, যা ছিল আরও একটি আনন্দঘন অনুষ্ঠান।

তারপর ১১ই মে আমরা লন্ডন থেকে ডালাসে ভ্রমণ করেছি যা ছিল ১০ ঘণ্টা দীর্ঘ একটি ফ্লাইট। আমাকে ১১ই মে -এর মধ্যে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকতেই হত। আমি সর্বজয় মাধব দাসের গৃহে অবস্থান করছি। যেহেতু আমাকে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিসের মধ্য দিয়ে যেতে হয়, সে আমার কক্ষে ডায়ালাইসিসের ব্যবস্থা করেছে যেন আমাকে হাসপাতালে যেতে না হয়। কৃষ্ণের ইচ্ছা হলে আমি পরিকল্পনা করছি নিউ অর্লিন্সে সাধুসঙ্গ উৎসব, আটলান্টায় পানিহাটি মহোৎসব, নিউইয়র্কে রথযাত্রা ইত্যাদিতে অংশগ্রহণ করতে। আমি যুক্তরাষ্ট্রের অন্যান্য আরও মন্দির থেকেও নিমন্ত্রণ পেয়েছি। এই সবকিছুই আমার স্বাস্থ্য অবস্থা ও সুস্থতার উপর নির্ভর করবে।

শ্রীল প্রভুপাদ আমাকে ১০০টিরও অধিক পত্র লিখেছেন। সম্প্রতি শ্যাম রসিক দাস আমাকে একটি পত্রের কথা মনে করিয়ে দিয়েছে যা শ্রীল প্রভুপাদ আমাকে ১৯৭২ সালে লিখেছিলেন। সেই পত্রে শ্রীল প্রভুপাদ আমাকে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, কেবল আমার উদ্দেশ্যে নয়, জিবিসির জন্য গুরুত্বপূর্ণ, প্রচারের জন্য গুরুত্বপূর্ণ এবং ইসকনের জন্য গুরুত্বপূর্ণ। তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত বিশ্বাসের মানুষদের একত্রিত করতে, বাংলায় গ্রন্থ ছাপাতে, সারস্বত পরিবারকে একত্রিত করতে ইত্যাদি। আর একই পত্রে তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন তৎক্ষণাৎ কানাডার নাগরিকত্বের ব্যবস্থা করতে যদি তা আমাকে ব্যাপকভাবে প্রচারে সহায়তা করে। তারপর শ্রীল প্রভুপাদ লিখেছেন৷ “তুমি একজন সন্ন্যাসী, তাই এইভাবে প্রচার করো এবং পরিব্রাজকাচার্য হও।” তাই নিরন্তর শ্রীল প্রভুপাদ প্রদত্ত নির্দেশের উপর ধ্যান করছি এবং সেগুলি পূরণের চেষ্টা করছি। আমি আরও অনেককিছু করতে চাই। যদিও বর্তমানে আমার দেহ কেবল কিছু পরিমাণের কাজই করতে পারে, তারপরও আমি চেষ্টা করছি! শ্রীল প্রভুপাদ আমাকে বলেছিলেন আমার সহকারীদের মাধ্যমে কাজ করার জন্য কিন্তু আমি তা করতে ব্যর্থ হয়েছিলাম। তবে এখন আমার কাছে এছাড়া আর কোন উপায় নেই।

শ্রীল প্রভুপাদের বার্তা

“যোগ প্রক্রিয়ার উদ্দেশ্য হলো সমাধি স্তর লাভ করা। এর অর্থ হলো মনকে পরমেশ্বর ভগবানে স্থির করা। মনের স্বভাব সর্বদা চঞ্চল, এবং যদি আমরা কৃত্রিমভাবে মনকে আরও চঞ্চল করার জন্য উস্কানি দিই, তাহলে সমাধির প্রশ্ন কোথায়? সমাধির কোনো প্রশ্নই থাকে না। তারা কখনোই মনকে একাগ্র করতে পারবে না। সেটা সম্ভব নয়। তাই এই যুগে কোনো প্রক্রিয়াই সফল হবে না। কেবল এই প্রক্রিয়া, এই হরেকৃষ্ণ নাম জপ। যে কেউ, সে যে অবস্থাতেই থাকুক না কেন, হরেকৃষ্ণ নাম শোনামাত্রই সঙ্গে সঙ্গে যোগ দেবে। তার মন সঙ্গে সঙ্গে আকৃষ্ট হবে। সবচেয়ে সহজ প্রক্রিয়া। শব্দতরঙ্গ। কোনো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা কোনো নির্দিষ্ট আসন অনুশীলনের জন্য সময়ের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই যুগে এসব সম্ভব নয়। সহজভাবে আমরা আপনাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং কেবল এই ‘হরেকৃষ্ণ’ জপ-কীর্তনে যোগ দিন, এবং খুব শীঘ্রই আপনি পারমার্থিকভাবে উন্নত হবেন। এটিই সত্যি। অন্যথায় আর কোনো দ্বিতীয় বিকল্প নেই।” ভগবদ্গীতা ২.৪০-৪৫ শ্লোকের উপর প্রবচন — লস অ্যাঞ্জেলেস, ১৩ই ডিসেম্বর, ১৯৬৮

“কেবল ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ জপ করা। কলৌ, এই কলিযুগে। কলৌ নাস্ত্যেব, নাস্ত্যেব। নাস্ত্যেব: আর কোনো বিকল্প নেই, আর কোনো বিকল্প নেই, আর কোনো বিকল্প নেই। যদি আপনি এই পদ্ধতি, এই ভক্তিযোগ পদ্ধতি গ্রহণ করেন, খুব সহজ, কেবল জপ করা। আপনি তাৎক্ষণিক ফল পাবেন। প্রত্যক্ষাবগমং ধর্ম্যম্। অন্য কোনো যোগ পদ্ধতি যদি আপনি অনুশীলন করেন, তবে আপনি অন্ধকারে থাকবেন। আপনি কতটা উন্নতি করছেন তা আপনি জানতে পারবেন না।” কিন্তু এই পদ্ধতিতে, আপনি বুঝতে পারবেন, “হ্যাঁ, আমি এরকম এরকম উন্নতি করছি।” এটিই একমাত্র যোগ পদ্ধতি, ভক্তিযোগ পদ্ধতি, যা এই জীবনেই দ্রুত ফল, আত্ম-উপলব্ধি এবং মুক্তির জন্য অনুশীলন করা যায়। তাকে অন্য জীবনের জন্য অপেক্ষা করতে হয় না। কৃষ্ণভাবনা এতটাই চমৎকার।” ভগবদ্গীতা ৬.৩০-৩৪ শ্লোকের উপর প্রবচন — লস অ্যাঞ্জেলেস, ১৯শে ফেব্রুয়ারি, ১৯৬৯

আমার বার্তা

আমি বারংবার ভক্তদেরকে অনুরোধ করছি যেন তারা ভক্তিযোগী ও ভক্তিযোগিনী হয় এবং এই পন্থাকে গুরুত্বের সাথে গ্রহণ করে। হরেকৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আমাদেরকে আমাদের মন নিয়ন্ত্রণ করতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। যদি আপনি জপ করা অব্যাহত রাখেন, তবে আপনার ভগবদ্ধামে গন্তব্য নিশ্চিত। আমরা জড় শক্তির বিরুদ্ধে যুদ্ধে রয়েছি।

এখন আমাদের এই বিশেষ পুরুষোত্তম মাস রয়েছে যা ১৭ই মে থেকে শুরু হতে চলেছে। এই পুরুষোত্তম মাসে কৃষ্ণ এই মাসকে নিজের থেকে অভিন্ন হিসেবে গ্রহণ করেছেন। কেবল পুরুষোত্তম মাসকে কেন্দ্র করে ভক্তিবৃক্ষ উন্নয়ন মন্ত্রণালয় (CDM) -এর একটি ওয়েবসাইট রয়েছে, এবং তারা পুরুষোত্তম মাস চ্যালেঞ্জ -এরও আয়োজন করেছে। যদি আপনি চ্যালেঞ্জে এখনো অংশগ্রহণ না করে থাকেন, তবে আপনি এখানে তা করতে পারেন purusottamachallenge.com

দামোদর মাসে কেউ শতগুণ সুফল লাভ করতে পারে, কিন্তু পুরুষোত্তম মাসে, সেটি হয় এক সহস্রগুণ! গৃহপ্রবেশ, বিবাহ বা অন্যান্য জাগতিক পবিত্র কর্মের জন্য এই মাসটিকে খুব ভালো হিসেবে বিবেচনা করা হয় না, কিন্তু আধ্যাত্মিক চিন্ময় সেবার জন্য এটি বিশেষভাবে উপযুক্ত। তাই আমি আশা করি সবাই এই মাসের পূর্ণ সুযোগ গ্রহণ করবেন।

অনুপ্রেরণামূলক কথা

আমি যখন যুক্তরাজ্যে ছিলাম, তখন বার্মিংহামের অনুষ্ঠিত ২৪-ঘণ্টার কীর্তন উৎসবে ৪,০০০ জনেরও অধিক ভক্ত নামসংকীর্তনে অংশগ্রহণ করেছিলেন। আমি ভজন ক্লাবিং-এর মাধ্যমে প্রচারকার্যের উপর বিশেষ জোর দিয়ে আসছি, কিন্তু এখানে এই ২৪-ঘণ্টার কীর্তন উৎসবে আমি প্রত্যক্ষ করেছি সকলেই পরমানন্দে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও নৃত্য করছিলেন।

আমি আরও জানতে পেরেছি যে, আমার শিষ্য জগন্নাথ কীর্তনানন্দ দাস ভজন ক্লাবিং-এর অনুরূপ কার্যক্রম পরিচালনা করছে। সে বিভিন্ন স্থানে কীর্তন রিট্রিটের আয়োজন করে, যেখানে বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষ একত্রিত হয়ে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। সে জানিয়েছে যে, যুক্তরাজ্যের ইউনিটারিয়ান ইউনিভার্সালিস্ট চার্চের সদস্যরাও তার অনুষ্ঠানে আসেন। এমনকি কিছু অ্যাংলিকান সম্প্রদায়ের ব্যক্তিরাও তার অনুষ্ঠানে এসে কীর্তন ও নৃত্যে অংশগ্রহণ করেছে। তাই আমরা প্রত্যেক দেশের ভক্তদের এই ধরনের প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করার জন্য উৎসাহিত করতে চাই।

ইংল্যান্ডের বিভিন্ন স্থানে যেমন লন্ডন, বার্মিংহাম, পূর্ব লন্ডন, নিউক্যাসল, রিডিং, লেস্টার প্রভৃতি অঞ্চলেও ভক্তরা সংঘবদ্ধভাবে প্রচারকার্য পরিচালনা করছেন। এইসকল ভক্তরা বাহ্যিকভাবে পূর্ণকালীন চাকরি করলেও, একই সঙ্গে তারা তাদের সময়, অর্থ ও শক্তি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলন প্রচারে নিবেদন করছেন। এটাই প্রকৃত KCDV (কৃষ্ণভাবনাময় দৈব বর্ণাশ্রম)।

আমি আশা করি, এই বার্তাটি আপনাদের সুস্বাস্থ্য এবং কৃষ্ণভাবনামৃতের আনন্দে পাবে।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী