
আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,
উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!
হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
ক্যাম্প: ডালাস
তারিখ: ৩০শে মে, ২০২৬
বিশেষ কার্যক্রম
আমি এখনও ডালাসে অবস্থান করছি। আমার নিউ অর্লিন্সে সাধুসঙ্গ রিট্রিটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শারীরিক পরিস্থিতির কারণে আমার স্বাস্থ্য দল আমাকে এই মুহূর্তে ভ্রমণ করতে নিষেধ করেছে। তাই আমি তাদের একটি রেকর্ডকৃত বার্তা পাঠিয়েছি। আমি ইসকন ডালাস মন্দিরে গিয়েছি এবং রবিবাসরীয় প্রীতিভোজ অনুষ্ঠানে প্রবচন দিয়েছি। আমরা প্রচার সংক্রান্ত কিছু নবনির্মিত ভিডিও দেখিয়েছি এবং সে সম্পর্কে ভক্তদের অভিমত জানতে চেয়েছি। সেখানে একটি দীক্ষানুষ্ঠানেরও আয়োজন হয়েছিল।
আমার ত্বকের চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং ১১ই জুন এই চিকিৎসার আরেকটি পর্ব বাকি রয়েছে। যখনই আমি চিকিৎসা অথবা ডায়ালাইসিসের জন্য যাই, আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলি এবং প্রসাদ বিতরণ করি; কৃষ্ণভাবনামৃত সম্পর্কে মানুষের সাথে আলোচনাও করি। আমার অন্যতম একজন চিকিৎসক, যে একজন ধর্মপরায়ণ খ্রিস্টান, তার সাথে ভগবৎচেতনা নিয়ে আমার কথা হয়েছে এবং আমরা ইমেইলের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছি যেখানে আমরা ভগবৎসেবা এবং ভগবানের দিব্যনাম জপ-কীর্তন সম্পর্কে আলোচনা ও কথোপকথন করি।
আমি সকল মিটিংগুলিতেও অংশগ্রহণ করছি যদিও ভারতের সাথে সময়ের পার্থক্যের জন্য কখনো কখনো মিটিংগুলি খুব ভোরে অনুষ্ঠিত হয়। আমি তবুও সকল মিটিংয়ে অংশগ্রহণ করতে এবং শ্রীল প্রভুপাদের প্রতি আমার সেবাসমূহ অব্যাহত রাখতে চেষ্টা করছি।
এছাড়াও প্রতিদিন আমি ভক্তদের সাথে সাক্ষাৎ করি। স্থানীয় কিছু ভক্তবৃন্দ ও নেতৃবৃন্দ এসেছে এবং তারা তাদের প্রচারের প্রতিবেদন উপস্থাপন করেছে ও তাদের কার্যক্রম সম্পর্কে আমাকে অবগত করেছে।
শ্রীল প্রভুপাদের বার্তা
“… বিষয়টি হলো এই যে, প্রত্যেককে অত্যন্ত ঐকান্তিক হতে হবে। এটি অত্যন্ত গুরুতর নিযুক্তি…তাই আমাদের পিছিয়ে পড়া উচিত না। যদিও প্রত্যক্ষাবগমং ধর্ম্যং/ সুসুখং কর্তুমব্যয়ম্ (ভগবদগীতা ৯.২)। যা কিছুই তুমি করেছ, তা কখনও শেষ হয়ে যাবে না। আমার গুরু মহারাজ বলতেন – তিনি এই বিষয়টিতে জোর দিতেন যে, “পরবর্তী জীবনের জন্য অপেক্ষা করো না। এই জীবনেই তোমার কাজ শেষ করো।” এটি ছিল তাঁর নির্দেশনা। যদিও যা কিছুই তুমি করছ না কেন, এটি কখনও হারিয়ে যাবে না। মনে করো, তোমাকে ১০০ নম্বর তুলতে হবে। তুমি ৫০ নম্বর, ৬০ নম্বর তুলেছ, সেটি কখনও হারিয়ে যাবে না।
এটি সত্য। কিন্তু কেন তুমি আরও ৩০ বা ৪০ নম্বরের জন্য অপেক্ষা করবে, অপর জীবনের জন্য অপেক্ষা করবে? সেটি যন্ত্রণার। …..প্রত্যেককে অত্যন্ত ঐকান্তিক হতে হবে যে, এই জীবনেই আমরা ১০০ নম্বর শেষ করব বা কিছু সেবা করব এবং কৃষ্ণের কাছে ভগবদ্ধামে ফিরে যাব।” – শ্রীমদ্ভাগবত ৬.২.৪৫, ২৯শে জানুয়ারি, ১৯৭১, প্রয়াগ।
“আমার অনুরোধ হলো তুমি তোমার ভক্তিমূলক সেবা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ও দৃঢ়তার সাথে চালিয়ে যাও, তাহলে এই জীবনেই তুমি মুখোমুখি কৃষ্ণকে দর্শন করতে পারবে। এটি বাস্তব।” (প্রস্থান প্রবচন, ২৫শে ফেব্রুয়ারি, ১৯৭৫, ক্যারাকাস)
আমার বার্তা
শ্রীল প্রভুপাদ আমাকে ৫০,০০০ এরও অধিক শিষ্য গ্রহণ করতে আদেশ করেছেন, আর এর সাথে আপনাদের সকলকে উদ্ধার করার দায়িত্বও অন্তর্ভুক্ত এবং আমি চাই আমার সকল শিষ্য ভগবদ্ধামে ফিরে যাক।
প্রাত্যহিক ১৬ মালা জপ এবং চারটি নিয়ম পালনের সাথে সাথে আরও কয়েকটি উপায় আমি পরামর্শ করেছি যেগুলি তোমরা অনুসরণ করলে উপকৃত হবে।
১. গায়ত্রী দীক্ষা না হয়ে থাকলে ত্রিসন্ধ্যায় এক মালা করে জপ করা।
২. আয়ের অন্তত ১১শতাংশ কৃষ্ণভাবনামৃতে অনুদান করা। নিজের ব্যক্তিগত সেবার খরচ, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, স্থানীয় মন্দির, ইসকনের বিভিন্ন প্রকল্পের জন্য প্রণামী, শ্রীল প্রভুপাদের গ্রন্থ ক্রয় ইত্যাদি এর মাঝে বিবেচ্য। স্বামী ও স্ত্রী, উভয়েই যদি কৃষ্ণভাবনাময় হয়, তারা একত্রে ভেবে দেখতে পারে কিভাবে তারা অনুদান করবে। উদাহরণস্বরূপ, তারা যদি ৫০ রুপি বা ৫০ ডলারের অনুদান করতে চায়, এবং তারা যদি ১০০ জনকে দেয়, তবে সেটি হবে ৫০০০ রুপি বা ৫০০০ ডলার। সেরকম, কেউ দীক্ষাগুরুকে ৫০০ রুপি, স্থানীয় মন্দিরে ১০০০ রুপি, এভাবে তাদের প্রণামী তারা ভাগ করে দিতে পারে।
৩. কৃষ্ণকে সমস্ত কর্ম অর্পণ করা
৪. হরিনামের শরণ গ্রহণ করা। হরিনাম আমাদের সবচেয়ে উত্তম বন্ধু।
৫. কারো চার বা পাঁচজন শিক্ষাগুরু থাকতে পারে এবং তাদের নিকট থেকে কৃষ্ণভাবনামৃতে উন্নতি করার উপদেশ লাভ করা যায়।
এই কলিযুগে, হরিনামই একমাত্র উপায় এবং আমরা যদি হরিনাম জপ করি, আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো।
অনুপ্রেরণামূলক কথা
আমি ভক্তদের কাছ থেকে বহু প্রতিবেদন পাচ্ছি যে, এপ্রিল মাসে ব্যাসপূজায় আমি যে প্রবচন প্রদান করেছিলাম তার পর অনেকেই ত্রিসন্ধ্যায় তিন মালা জপ করা শুরু করেছেন এবং অনেকেই তাদের আয়ের ১১% শ্রীকৃষ্ণের সেবায় প্রদান করতে শুরু করেছেন। এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
আমি পুরুষোত্তম মাসের প্রচার কার্যক্রম সম্পর্কেও কিছু প্রতিবেদন পেয়েছি। বলরাম গোবিন্দ দাস আমাকে লিখেছে যে, মাদুরাইতে তারা ‘হরিনাম-সঙ্গ উৎসব’ নামে দুই দিনের একটি অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে প্রায় ২,৪০০ জন নতুন ব্যক্তি এক মালা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেছে এবং প্রতিদিন এক মালা জপ করার সংকল্প গ্রহণ করেছে। এছাড়াও, এই নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে তাদের পারমার্থিক জীবনে অগ্রসর করার পরিকল্পনাও তারা করেছে।
এখন প্রায় এক মাস ধরে আমি আমার Jayapataka Swami অ্যাপে প্রাত্যহিক জপ অনুধ্যান বিষয়ক বার্তা পাঠাচ্ছি। তাই আমি আশা করি আপনারা সেগুলি পড়ছেন এবং নিরপরাধে দিব্যনাম জপে নিয়োজিত আছেন।
কেউ একজন আমাকে লিখেছে যে, সে প্রায় দশ বছর ধরে ঘুমের ওষুধ এবং বিষণ্নতা-নিবারক ওষুধ গ্রহণ করছিল। কিন্তু এখন, প্রতিদিন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করার পর তার আর সেই ঘুমের ওষুধ বা বিষণ্নতা-নিবারক ওষুধের প্রয়োজন হচ্ছে না। হরিনাম আমাদের সকল সমস্যার সর্বোত্তম ঔষধ!
এটি পুরুষোত্তম মাস, এবং এই সময়ে আমরা যে কোনও আধ্যাত্মিক কার্য সম্পাদন করলে তার এক হাজার গুণ অধিক সুফল লাভ করি। পুরুষোত্তম মাস সম্পর্কে জেপিএস মিডিয়া একটি ভিডিও নির্মাণ করেছে, যার দৈর্ঘ্য দুই মিনিটেরও কম।
পুরুষোত্তম মাসের এখনও দুই সপ্তাহ বাকি আছে!
সমস্ত ভক্তদেরই ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের সুযোগ গ্রহণ করা উচিত। তিনি আমাদের সংকীর্তন আন্দোলন প্রদান করেছেন এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা এক জীবনেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করতে পারি। সুতরাং এটি এক মহান কৃপা।
আমি আশা করি, এই বার্তাটি আপনাদের সুস্বাস্থ্য এবং কৃষ্ণভাবনামৃতের আনন্দে পাবে।
আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী
JPS/rrsdb