
আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,
উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!
হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
তারিখ: ৩রা মার্চ, ২০২৬
বিশেষ কার্যক্রম
মঙ্গলময় গৌরপূর্ণিমার শুভেচ্ছা! তো আজ ৫৩৯ গৌরাব্দের শেষ দিন।
আমি গৌর পূর্ণিমা মহোৎসব প্যান্ডেলে সকালে প্রবচন দিয়েছি। আমি বাংলা ও ইংরেজিতে বলেছি। অনেক বৈষ্ণব-বৈষ্ণবীকে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।
গতরাতে আমি ‘শ্রীল প্রভুপাদ সংযোগ দিবস’ অনুষ্ঠানে প্রবচন দিয়েছি। ৩ দিন আগে শান্তিপুর মহোৎসব ছিল। তো আমরা সেখানে গিয়েছি, প্রবচন দিয়েছি ও খিচুড়ি প্রসাদ পেয়েছি। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে, এই তিথিতে যিনি শান্তিপুরে প্রসাদ গ্রহণ করবেন, তিনি গোবিন্দ ভক্তি লাভ করবেন।
যখন আমি মায়াপুরে ছিলাম, শ্রীল প্রভুপাদের কাছ থেকে পাওয়া একটি চিঠিতে ছিল যে, আমার মায়াপুরে থাকা উচিত কিন্তু ভ্রমণ এবং প্রচারও করা উচিত। তিনি চাইতেন আমরা যেন সমগ্র বিশ্বব্যাপী প্রচার করি ও মানুষদের শ্রীধাম মায়াপুরে নিয়ে আসি। এই বছর সাতটি ভিন্ন ভিন্ন দলে ১৬,৫০০ জনেরও বেশি ভক্ত নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। শেষের দিন আমাদের মহামিলন উৎসব হয়েছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যদ্বাণী সফল করে বিভিন্ন পরিক্রমা দলের ভক্তরা একত্রিত হয়েছেন।
উৎসবের সময়ে অনেক ভক্ত মায়াপুরে আসেন এবং তারাও শ্রবণ করতে চায়। এমনকি যখন আমার স্বাস্থ্যাবস্থা ভালো ছিল না, ডায়ালাইসিস ও বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও প্রতি সন্ধ্যায় আমি প্রবচন অব্যাহত রেখেছি। এইভাবে আমি কৃষ্ণকথা বলতে পেরেছি, ব্যক্তিগতভাবে ভক্তদের দেখতে পেরেছি, তাদের উৎসাহ দিতে পেরেছি এবং তাদের পারমার্থিক প্রশ্নের উত্তর দিতে পেরেছি।
আমরা সম্প্রতি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত ‘শ্রীচৈতন্য শিক্ষামৃত’ গ্রন্থ থেকে আলোচনা সম্পন্ন করেছি এবং আমরা জলদূতে করে শ্রীল প্রভুপাদের আমেরিকা যাত্রার সময়কালীন তাঁর ডায়েরি পড়া শুরু করেছি। শ্যামরসিক দাস আমাকে বলেছে যে, শ্রীচৈতন্য শিক্ষামৃতের উপর আলোচনা শুরু হয়েছিল ২০২৩ সালের ২৯শে ডিসেম্বর থেকে এবং আমরা সম্পূর্ণ গ্রন্থটি ২ বছর ৩ মাসে সম্পন্ন করেছি। অবশ্য আমরা প্রতিদিন তা করতে পারিনি।
গত সপ্তাহে আমরা আমার প্রিয় গুরুভ্রাতা শ্রীল বদ্রীনারায়ণ স্বামী মহারাজের এই ধরাধাম ত্যাগের অত্যন্ত দুঃখের একটি সংবাদ পেয়েছি। তিনি হঠাৎ করেই তাঁর দেহ রেখেছেন। তিনি আমার থেকে তিন বছরের ছোট ছিলেন। তিনি ১৯৮৭ সাল থেকে জিবিসির একজন দীর্ঘকালীন ও আত্মনিবেদিত সদস্য ছিলেন এবং তিনি জিবিসি চেয়ারম্যান হিসেবেও সেবা করেছিলেন। তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে শ্রীল প্রভুপাদের আন্দোলনকে সুরক্ষা দেয়া যায় ও প্রসার ঘটানো যায়। আমরা অবশ্যই তাঁর সঙ্গের অভাব অনুভব করব।
শ্রীল প্রভুপাদের বার্তা
শ্রীল প্রভুপাদ বলেছেন যে, দীক্ষাগুরু হলেন একজন। কিন্তু অনেক শিক্ষাগুরু থাকতে পারেন।
“দুই রকমের শিক্ষাগুরু রয়েছেন- ১) মুক্ত পুরুষ, যিনি সর্বতোভাবে ভগবানের সেবায় মগ্ন এবং ২) যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণভাবনা জাগরিত করেন। এভাবেই ভগবদ্ভক্তির বিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষাকে অধ্যাত্মগত ও বস্তুগত- এই দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ, তা চিন্ময় অনুভূতি ও ইন্দ্রিয়-চেতনা উভয়ের মাধ্যমেই উপলব্ধি করা যায়। যথার্থ আচার্য বলতে তাঁকেই বোঝায়, যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন এবং শিষ্যকে পূর্ণ জ্ঞান দান করে ভগবৎ-সেবায় যুক্ত করেন।” (শ্রীচৈতন্য চরিতামৃত, আদিলীলা, ১.৪৭)
“কখনও কখনও দীক্ষাগুরু সবসময় উপস্থিত থাকেন না। তাই কেউ একজন উন্নত ভক্তের কাছ থেকে শিক্ষা ও নির্দেশনা গ্রহণ করতে পারে। তাঁকে বলা হয় শিক্ষাগুরু। শিক্ষাগুরু মানে এমন নয় যে, তিনি দীক্ষাগুরুর শিক্ষার বিরোধী কিছু বলবেন। তাহলে সে শিক্ষাগুরু নয়, সে একটি মূর্খ।”
(ভগবদগীতা প্রবচন, ১৭.১-৩, হনলুলু, ৪ঠা জুলাই, ১৯৭৪)
আমার বার্তা
শ্রীল প্রভুপাদ আমাকে ৫০,০০০ শিষ্য গ্রহণ করতে বলেছিলেন। কিন্তু শিষ্য তৈরি করা একটি বিষয় এবং আমি চাই যে, দীক্ষিত শিষ্যরা যেন কৃষ্ণভাবনামৃতে উন্নতি করে। সেজন্যই আমি প্রত্যেককে বারংবার অনুরোধ করছি মনোযোগের সাথে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে, চারটি বিধিবদ্ধ নিয়ম পালন করতে এবং গায়েত্রী মন্ত্র লাভের জন্য যোগ্য হয়ে উঠতে। যেসমস্ত ভক্তরা আমার থেকে দীক্ষা গ্রহণ করেছে, তাদের জন্য আমি দায়বদ্ধ। এছাড়াও, যেসকল ভক্ত আমার কাছে আসে, আমি তাদের যত্ন নিতে চাই। কিন্তু একইসাথে আমার জ্যেষ্ঠ ভক্তদের সাহায্যের প্রয়োজন এই নবীন ভক্তদের যত্ন নেওয়ার জন্য।
শ্রীল প্রভুপাদ বলেছেন যে, কারো অনেক শিক্ষাগুরু থাকতে পারেন। শিক্ষা মানে নির্দেশনা, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করে এবং দীক্ষা মানে মন্ত্র লাভ করা। তাই দীক্ষাগুরু একইসাথে দীক্ষাগুরু ও শিক্ষাগুরু। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে, “আমার শিষ্যদের জন্য আমি দীক্ষাগুরু ও শিক্ষাগুরু উভয়ই।” অন্যান্য শিক্ষাগুরু থাকতে পারেন, যারা গুরু ও কৃষ্ণের সেবা বিষয়ে ভক্তকে নির্দেশনা প্রদানে দীক্ষাগুরুকে সহায়তা করেন। যখন কোন শিক্ষাগুরু কোন নির্দেশনা দেন, তিনি গুরু, সাধু ও শাস্ত্রের ভিত্তিতে সেই নির্দেশ প্রদানে দায়বদ্ধ। যদি তিনি ভুল নির্দেশ দেন, তবে তিনি দায়ী থাকবেন। তাই অনেক শিক্ষাগুরু থাকতে পারেন, কিন্তু দীক্ষাগুরু একজনই হতে পারেন। আর দীক্ষাগুরু সাধারণত দীক্ষাগুরু ও শিক্ষাগুরু উভয়ই। দুইস্তরে শিক্ষাগুরু রয়েছেন। একজন হলেন দীক্ষাগুরুর মতো একই স্তরে এবং আরেকজন হতে পারেন তিনি, যিনি আপনার পারমার্থিক জীবনে সহায়তার জন্য যথাযথ নির্দেশ দেন।
আমার কিছু শিষ্যেরা তাদের পিতা-মাতা (যদি ভক্ত হয়ে থাকেন), মন্দির অধ্যক্ষ, তাদের নামহট্ট নেতা, পরামর্শদাতা, জ্যেষ্ঠ ভক্ত, অন্যান্য গুরু – তাদের নির্দেশনায় আছে। আমি চাই আমার শিষ্যদের ততটুকু পর্যন্ত বিভিন্ন শিক্ষাগুরু থাকবে, যতক্ষণ পর্যন্ত তাদের নির্দেশনা আমার কোন নির্দেশনার বিরোধী না হয়। আমি চাই আমার শিষ্যরা যেন আমাকে জানায়, তাদের শিক্ষাগুরু কারা। আপনারা এই লিংকে ক্লিক করতে পারেন ও আপনাদের বিবরণ পাঠাতে পারেন।
https://www.jayapatakaswami.com/e-care-siksa-guru/
আমাদের প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ হলেন ইসকনের প্রত্যেকের জন্য প্রধান শিক্ষাগুরু। আমি দীক্ষা প্রদান করি ও নির্দেশও প্রদান করি। তাই আমি দীক্ষাগুরু ও শিক্ষাগুরু। কিন্তু সাধারণত ভক্তদের অন্যান্য শিক্ষাগুরু থাকেন। তাই আমি জানতে চাই আপনার শিক্ষাগুরু কারা।
অনুপ্রেরণার কথা
আমি ইসকন মঙ্গলগিরি থেকে তাদের ডিসেম্বর মাসের গ্রন্থ ম্যারাথন সম্বন্ধে অত্যন্ত উৎসাহব্যঞ্জক প্রতিবেদন পেয়েছি। তাদের শুরুতে ৮,০০০ গ্রন্থ বিতরণের সংকল্প ছিল, কিন্তু মাসের শেষ পর্যন্ত তারা ১৪,২২৫টি গ্রন্থ বিতরণ করেছে, যা ছিল তাদের বিগত গ্রন্থ বিতরণের সংখ্যার দ্বিগুণের চেয়েও বেশি।
আমি ভক্তদের কাছ থেকে নিয়মিত তাদের প্রচার প্রতিবেদন পাই এবং সেগুলির মধ্যে অনেকগুলিই আমার শিষ্যাদের কাছ থেকে কিভাবে তারা ভক্তিবৃক্ষ, জেল প্রচার, শিশুদের পাঠদান, অধ্যয়ন দল, গ্রন্থ বিতরণ, মন্দিরে রন্ধন ও শ্রীবিগ্রহের সেবা, প্রবচন প্রদান, পথে হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ, ফুড ফর লাইফ ও অন্যান্য আরও অনেক সেবা করে। এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক যে, স্বামী ও পরিবারের সেবা করেও তারা বিভিন্ন সেবায় নিযুক্ত। তারা বৈষ্ণবী, সাধারণ নারী নন!
আমার অনেক পরিকল্পনা আছে এবং আমি প্রচার করতে চাই। প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা আসছে। কিন্তু এখন আমি হুইলচেয়ারে আবদ্ধ, আমি এমনকি খুব স্পষ্টভাবে কথা পর্যন্ত বলতে পারি না। তাই আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আমি জানি না, কৃষ্ণ আর কতদিন আমাকে এই দেহে রাখবেন, কিন্তু আমি সমস্ত সময় ও শক্তি কৃষ্ণভাবনাময় থাকার জন্য এবং প্রচারের জন্য ব্যবহার করতে চাই।
আমরা ছোট ছোট দল তৈরি করছি যেন আমরা উচ্চমান ও সঠিক সিদ্ধান্ত বজায় রেখে দ্রুত বিভিন্ন ভিডিও তৈরি করতে পারি। এই পর্যন্ত ৪৭ জন ভক্ত স্বেচ্ছাসেবক হয়েছে। কিন্তু তাদের মধ্যে কয়েকজন AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিডিও তৈরিতে একেবারেই নতুন এবং কেউ কেউ সপ্তাহে কেবল ২-৪ ঘণ্টা সময় দিতে পারবে এই সেবার বিভিন্ন অংশে জন্য; যেমন – স্ক্রিপ্ট সহায়তা, দৃশ্য নির্মাণ, সংশোধন, ঠোঁট মেলানো, সম্বনয় বা মূল্যায়নে।
আমি এমন ভক্তদের খুঁজছি যারা সর্বাধুনিক টুলস যেমন AI ব্যবহার করে ভিডিও তৈরিতে অভিজ্ঞ, অথবা শিখতে আগ্রহী এবং পুরো প্রক্রিয়াটি পরিচালনা করতে সহায়তা করতে পারেন। একই সঙ্গে এমন ভক্তদেরও আহ্বান জানানো হচ্ছে যারা নতুন হলেও সময় ও শক্তি নিয়মিতভাবে প্রয়োগ করে শিখতে এবং সেবা করতে ইচ্ছুক। আপনি যদি এই সেবায় অংশগ্রহণ করতে চান, তাহলে এই https://form.jotform.com/260391208286054 ফর্মটি পূরণ করতে পারেন। আমার সমন্বয়কারীরা আপনার সাথে যোগাযোগ করবেন।
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু। তাই আমাদের তাঁদের কাছে পারমার্থিক শক্তির জন্য প্রার্থনা করা উচিত এবং তাঁদের কৃপায় সবকিছু সম্ভব।
আগামীকাল থেকে আমাদের নববর্ষ শুরু, তাই আপনাদের সকলকে আনন্দময় ৫৪০তম গৌরাব্দের শুভেচ্ছা জানাই। গৌরাঙ্গ!
আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী
JPS/rrsdb
অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ:
অ্যাপ আইফোন:https://apps.apple.com/us/app/id967072815
অ্যাপ এন্ড্রয়েড:https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
অফিসিয়াল ওয়েবসাইট:https://www.jayapatakaswami.com
প্রবচনসমূহ (অডিও ও প্রতিলিপি):https://jayapatakaswamiarchives.net
ইউটিউব চ্যানেল:http://youtube.com/jayapatakaswamiofficial
https://youtube.com/@jayapatakaswamibangla?si=Y8S59Cwhk6Esk5Yv
সাউন্ডক্লাউড প্রবচন ও কীর্তন:
http://www.soundcloud.com/jayapatakaswami
ফেইসবুক:
http://www.facebook.com/Jayapatakaswami
https://www.facebook.com/JayapatakaSwamiBanglaOfficial
টেলিগ্রাম চ্যানেল:
https://t.me/JayapatakaSwami
https://t.me/JayapatakaswamiBangla
হোয়াটসঅ্যাপ চ্যানেল:
https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G
https://whatsapp.com/channel/0029Va7wCSc96H4SC0spsf0q
ইনস্টাগ্রাম পেইজ: http://www.instagram.com/Jayapatakaswamionline