আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
ক্যাম্প: ইসকন দিল্লি

তারিখ: ৩০শে এপ্রিল, ২০২৬

বিশেষ কার্যক্রম

নৃসিংহ চতুর্দশীর শুভেচ্ছা! আজ আমরা ইসকন দিল্লিতে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি উদযাপন করেছি।

মালয়েশিয়ায় স্বল্পকালীন পরিভ্রমণ শেষ করে আমরা ২২শে এপ্রিল গভীর রাতে দিল্লিতে পৌঁছাই। কুয়ালালামপুরের শ্রীজগন্নাথ মন্দিরে আমরা শ্রী শ্রী রাধা-গোকুলচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। বহু বছর ধরে সেখানে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন এবং নিতাইসুন্দর গৌরহরির সেবা হয়ে আসছিল, আর এখন তারা শ্রী শ্রী রাধা-গোকুলচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা করেছে। আমি প্রাণপ্রতিষ্ঠা করেছি এবং নামও প্রদান করেছি। শ্রীল ভানু স্বামী মহারাজ, শ্রীল ভক্তিবিঘ্ন বিনাশ নৃসিংহ স্বামী মহারাজ, শ্রীপাদ প্রভাবিষ্ণু প্রভু, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীল ভক্তি মুকুন্দ স্বামী মহারাজ, শ্রীল ভক্তি আর্জব প্রীতিবর্ধন স্বামী মহারাজ এবং আরও অনেক বরিষ্ঠ ভক্তগণ সেখানে উপস্থিত ছিলেন। তার একদিন পূর্বে হরিনাম এবং ব্রাহ্মণ দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু অনুষ্ঠান দেরিতে শেষ হওয়ায় আমি নেত্রোন্মীলন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি।

উৎসবে মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে এবং প্রতিবেশী দেশসমূহ থেকেও বহু ভক্তদের আসতে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। মালয়েশিয়া থেকে চলে আসার আগের দিন আমি যুবকদের উদ্দেশ্যে প্রবচন প্রদান করি এবং তাদের মালয়েশিয়ায় প্রচার কার্য সম্প্রসারণে উৎসাহিত করি। এছাড়াও আমরা ভজন ক্লাবিং সম্পর্কে একটি ভিডিও প্রদর্শন করেছি।

আজ নৃসিংহ চতুর্দশী। প্রহ্লাদ মহারাজ যখন প্রথম ভগবান নৃসিংহদেবের দর্শন লাভ করেন, তখন তিনি বলেন যে, তিনি তাঁর গুরুদেবের কৃপায় ভগবানের দর্শন লাভ করতে সক্ষম হয়েছেন। অতএব তিনি ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেন যেন তিনি সর্বদা তাঁর গুরুদেবের সেবায় নিয়োজিত থাকতে পারেন।

আমি অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। প্রহ্লাদ-লক্ষ্মী-নৃসিংহদেব অত্যন্ত সুন্দর ছিলেন এবং ভগবান ও তাঁর ভক্তের অভিষেক দর্শন করা অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা ছিল। পরমেশ্বর ভগবান চিন্ময় জগত থেকে অবতীর্ণ হয়ে পতিত জীবদের উদ্ধার করেন এবং তাঁর ভক্তদের রক্ষা করেন। প্রকৃতপক্ষে তিনি সবকিছুই করতে সক্ষম, কিন্তু তিনি আমাদের কাছে তাঁর অসীম শক্তির সামান্য আভাসমাত্র প্রদর্শন করেন। এইসকল লীলাসমূহ অপ্রাকৃত এবং এই লীলাসমূহ স্মরণ ও ভগবান নৃসিংহদেব ও ভগবান কৃষ্ণের মহিমাকীর্তনের মাধ্যমে আমরা পরম পারমার্থিক কল্যাণ ও শুদ্ধতা লাভ করি।

শ্রীল প্রভুপাদের বার্তা

শ্রীল প্রভুপাদ চেয়েছেন যে, প্রত্যেক ভক্ত যেন এই জন্মেই ভগবদ্ধামে ফিরে যায়।

“শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মহিমাকীর্তনের জন্য এই জাগতিক জীবনটি ব্যবহার করো এবং এই জীবনেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য তোমরা গোলোক বৃন্দাবনে উন্নীত হতে পারবে। তাই দয়া করে শুদ্ধতার স্তরে থাকো; নিয়মিত ১৬ মালা জপ করো এবং অব্যর্থভাবে সমস্ত বিধিনিষেধ পালন করো এবং আমাদের সকল গ্রন্থাবলি অধ্যয়ন করো। তাহলে তোমাদের জীবন নিশ্চিতভাবে সাফল্যমণ্ডিত হবে।” বৈকুণ্ঠনাথ ও শারদীয়ার প্রতি পত্র, ৪ঠা এপ্রিল, ১৯৭১, বোম্বে।

“পন্থাটি সরল। ভক্তিজীবনের বিধিনিষেধগুলি অবিচলভাবে নিয়মিত পালন করো, প্রতিদিন ১৬ মালা জপ করো এবং অব্যর্থভাবে আমাদের সকল গ্রন্থাবলি অধ্যয়ন করো, পাঠ শ্রবণ করো, আরতিতে অংশগ্রহণ করো, পথে পথে সংকীর্তন করো। যদি কোন প্রশ্ন থাকে, সবসময় সেগুলি তোমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা বা গুরুভগ্নীকে জিজ্ঞাসা করো। তাই আমাদের পন্থা খুব কঠিন নয়। বরং তা আনন্দময়। তাই এইভাবে তুমি উৎসাহের সাথে নিজেকে যুক্ত রাখো এবং তাহলে তুমি সুখী হবে এবং অবশেষে নিজ আলয় ভগবদ্ধামে ফিরে যাবে।” সুখদাকে পত্র, ৪ঠা আগস্ট, লন্ডন

আমার বার্তা

শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে, আমার ৫০,০০০ শিষ্য গ্রহণ করা উচিত। কিন্ত প্রকৃতপক্ষে এটি একটি গুরুদায়িত্ব যে, প্রত্যেক শিষ্য যেন ভগবদ্ধামে ফিরে যায়। আমি আগেও এটি উল্লেখ করেছি, তবুও পুনরায় আমি বলছি, কেননা আমি চাই প্রত্যেকেই এটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করুক যে তাদেরকে ভক্তিযোগী বা ভক্তিযোগিনী হতে হবে।

আমরা খেয়ালখুশি মতো কিছু করছি না। আমরা যুদ্ধ করছি। আমরা মায়াশক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। আর আমি চাই মায়ার বিপক্ষে এই লড়াইয়ে প্রত্যেকেই যেন উৎসাহের সাথে যুক্ত থাকে। আমাদের আয়ু স্বল্প, ১০০ বছরেরও কম। আমাদের কেবল উৎসাহী হওয়াই যথেষ্ট নয় – এটি জন্ম-মৃত্যুর ব্যাপার! আমরা যদি পূর্ণরূপে কৃষ্ণভাবনায় না থাকি, তবে এই কলিযুগ আমাদের জন্য অপেক্ষা করে আছে।

কৃষ্ণভাবনা অনুশীলনে এবং হরিনাম জপে তোমাদেরকে খুব দৃঢ় হতে হবে, এমনকি মায়া যদি কোনভাবে তোমার পথে চলেও আসে এবং তোমাকে তোমার উৎসাহ হারাতে বাধ্যও করে, তবুও। এটি একটি যুদ্ধ। এটিই মায়ার কাজ। তিনি কৃষ্ণের খুব ভালো ভক্ত এবং তিনি এই সেবা করেন। তাই আমাদেরকে তার চেয়েও ভালো সেবক হতে হবে। আমাদেরকে হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। আমাদেরকে ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে’ জপ করতে হবে এবং কলিকে বিতাড়িত করতে হবে।

অনুপ্রেরণামূলক কথা

দিল্লিতে অবস্থান করায় আমি বিশেষভাবে আমার প্রিয় গুরুভ্রাতা এবং বন্ধু শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে স্মরণ করছি। তিনি দিল্লিতে ১৮ বা ২০টি মন্দির নির্মাণ করেছেন। সমস্ত মন্দির অত্যন্ত চমৎকার প্রচার ও গ্রন্থ বিতরণ সেবা করছে।

দু’দিন আগে আমি নতুন জাদুঘর বিভাগটির উদ্বোধনে অংশ নিয়েছি এবং তারা প্রচারে আধুনিক প্রযুক্তির অনেক উপকরণ ব্যবহার করে। আমি ‘ভার্চুয়াল রিয়েলিটি শো’ও দেখেছি, যা ছিল অত্যন্ত চমকপ্রদ।

আমার বিগত পাক্ষিক বার্তায় আমি ভজন ক্লাবিং সম্পর্কে উল্লেখ করেছি। শ্রীচৈতন্য মহাপ্রভু ভবিষ্যদ্বাণী করেছেন যে, প্রতি নগরে ও গ্রামে তাঁর দিব্যনামের কীর্তন হবে এবং শ্রীল প্রভুপাদ চেয়েছেন যে, প্রত্যেকে যেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ-কীর্তন করে, নৃত্য করে এবং প্রসাদ গ্রহণ করে। তাই ভজন ক্লাবিং হলো সেরকম একটি অনুষ্ঠান, কিন্তু যুব সম্প্রদায় এর আয়োজন করছে। আমি জানিনা অন্য দেশসমূহে তারা এটি করছে কিনা, কিন্তু ভারতে হাজার হাজার মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্রে নৃত্য-কীর্তন করছে। ভজন ক্লাবিং সম্পর্কে ইসকন চেন্নাই কর্তৃক নির্মিত ভিডিওটি আপনারা দেখতে পারেন।

ভগবান নৃসিংহদেব পরম কৃপালু, তিনি তাঁর ভক্তকে রক্ষা করতে আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণও কৃপালু। আর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু আরও কৃপালু। তিনি এমনকি বৃক্ষলতা এবং কীটপতঙ্গের উদ্ধারের জন্যও প্রার্থনা করছেন। তিনি সমস্ত পতিত জীবদের উদ্ধার করতে চান। তাই প্রত্যেকের প্রচার করা উচিত। প্রত্যেকের ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা প্রকাশ করার ও চিন্ময় আনন্দ লাভ করার চেষ্টা করা উচিত এবং তাদের এই জড় মোহের মধ্যে থাকা উচিত নয়।

আমরা গতরাতে নামামৃতে অধ্যয়ন করছিলাম কীভাবে জড়জাগতিক জীবন এক প্রকার অচেতন অবস্থার মতো। যেমনভাবে আপনি সর্পদংশনে আচ্ছন্ন ব্যক্তিকে মন্ত্রের মাধ্যমে জাগিয়ে তুলতে পারেন, আমরা মানুষদের এই জড় জগতের নিদ্রাচ্ছন্ন অবস্থা থেকে মহামন্ত্রের মাধ্যমে জাগিয়ে তুলি: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে!

আশা করি এই বার্তাটি আপনাদের সুস্বাস্থ্য এবং কৃষ্ণভাবনামৃতের আনন্দে পাবে।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী