
মূকং করোতি বাচালং
পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে
শ্রীগুরুং দীন তারিণম্ পরমানন্দ মাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং।।
হরিঃ ওঁ তৎ সৎ!
গৌড়ীয় মঠের সদস্যদের এখানে উপস্থিতির জন্য আমক অত্যন্ত কৃতজ্ঞ। আমি বাংলা এবং ইংরেজিতে কথা বলব। কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল এ.সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ চেয়েছিলেন যে, শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমস্ত শিষ্য এবং প্রশিষ্যরা একত্রিতভাবে এবং সম্মিলিতভাবে এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের প্রচার এগিয়ে নিয়ে যাবেন। আজ একটি অত্যন্ত বিশেষ দিন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে সমস্ত ভক্তরা একসাথে সমবেত হয়েছেন। গতকাল আমি বলেছিলাম যে কীভাবে গুরদেবের দায়িত্ব রয়েছে তাঁর শিষ্যদের ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার। আমি তা করতে পারি, কিন্তু আপনাদের আমাকে অনুসরণ করতে হবে। তাই আমি প্রতিদিন চিন্তা করি কীভাবে আমার শিষ্যরা উদ্ধার পেতে পারে! তাই, আমি আমার Jayapataka Swami অ্যাপ এবং অন্যান্য মাধ্যমে আমি বিভিন্ন সংবাদ প্রতিদিন প্রেরণ করি। তো এইভাবে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি সারা বিশ্বে আমার শিষ্যসমূহ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছাই। আমি চাই আমার সমস্ত শিষ্যরা যতদূর সম্ভব, ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করুক। কিন্তু তাদের যোগ্য হতে হবে। তাই যদিও আমি অনেকবার বলছি, কোনোভাবে তা হচ্ছে না। প্রতিদিন আমি শাস্ত্র থেকে পাঠ করি। আমি একটি শ্লোক পেয়েছি, যেখানে বলা হয়েছে যে, আমাদের ত্রিসন্ধ্যায় ১০৮ বার জপ করা উচিত এবং তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই যারা এখনও ব্রাহ্মণ দীক্ষা পায়নি, তারা ত্রিসন্ধ্যায় হরেকৃষ্ণ মহামন্ত্র ১০৮ বার জপ করতে পারে। এর অর্থ হলো সকাল, দুপুর এবং সন্ধ্যায়:
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
(১০৮ বার)
এটি জপ করতে প্রায় সাড়ে ৭ মিনিট বা তার কম সময় লাগে। তাই, গায়ত্রী জপেও প্রায় একই পরিমাণ সময় লাগে। তাই এটি একটি নির্দেশ, প্রত্যেককে ত্রিসন্ধ্যায় হরেকৃষ্ণ মহামন্ত্র ১০৮ বার জপ করা উচিত। এখন, যেসকল ভক্তরা দীক্ষা গ্রহণ করে, তারা ১৬ মালা জপ করার প্রতিশ্রুতি দেয়, আপনারা এটি আপনার ১৬ মালা জপের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন। অবশ্যই, ন্যূনতম ১৬ মালা, যদি আপনারা আরও অধিক জপ করতে চান, কোনো সমস্যা নেই! এখন, সর্বদা চিন্তা করুন কীভাবে আপনারা আপনাদের ভক্তি এবং ভগবৎ সেবা বৃদ্ধি করতে পারেন। শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত এবং চৈতন্যচরিতামৃত ইত্যাদি গ্রন্থগুলি অনুবাদ করেছেন, এই গ্রন্থগুলি অধ্যয়ন করা উচিত। আপনাদের কৃষ্ণভাবনামৃতের বিজ্ঞান জানা উচিত। শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ চেয়েছিলেন তাঁর ভক্তরা এই বিজ্ঞান জানুক এবং এর প্রমাণস্বরূপ আপনাদের ডিগ্রি লাভ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে শ্রীল প্রভুপাদের কাছ থেকে ভক্তিশাস্ত্রী ডিগ্রি লাভ করেছি। তারপরে, আমি অধ্যয়ন করেছি এবং পরীক্ষা দিয়েছি এবং আমার ভক্তিবৈভব, ভক্তিবেদান্ত এবং ভক্তিসার্বভৌম ডিগ্রি লাভ করেছি। কেউ আমাকে লিখেছে যে তারা একটি বাচ্চাদের প্রোগ্রাম চালু করছে যাতে বাচ্চারা ১৮ বছর বয়সে পৌঁছনোর আগে ভক্তিশাস্ত্রী এবং ভক্তিবৈভব ডিগ্রি লাভ করে। তাই, এটি একটি বিশাল অগ্রগতি!
শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমাকে বলেছেন যে, “প্রচার অপরিমিতভাবে বিস্তার করো! অপরিমিতভাবে অপরিমিতভাবে! আর আমার সমস্ত শিষ্য-শিষ্যা আমার কাছে কথা দিয়েছে যে, তারা আমাকে সাহায্য করবে। তো আমার মনে হয়, আমার প্রত্যেক শিষ্য-শিষ্যা যদি নতুন ভক্ত তৈরি করে, তাহলে এটা আমার জন্য বিরাট সাহায্য হবে। অতএব, আপনাদের প্রতিশ্রুতি কী? সবাইকে আমার শিষ্য-শিষ্যা হতে হবে না, কিন্তু এক বছরের মধ্যে আপনারা কতজনকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ-কীর্তন করাতে শুরু করতে পারবেন? প্রতি মাসে আপনারা কতজনকে পারবেন? এইভাবে আপনারা একটি প্রতিশ্রুতি গ্রহণ করুন – আমি বছরে একজন, দশজন, একশজনকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাতে শুরু করব। কয়জন পুরোপুরি ভক্তিসাধনা শুরু করবেন? তাই এইভাবে ভক্তদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত যে, কতজন মানুষকে তারা কৃষ্ণভাবনার সাথে পরিচয় করিয়ে দেবে। কলিযুগের মানুষেরা কলহপ্রিয়, অলস, দুর্ভাগা – অনেক খারাপ গুণে পূর্ণ। কলিযুগ দোষের সমুদ্র! একমাত্র আশা হচ্ছে হরিনাম! একমাত্র আশা হরিনাম!
হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম।
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা।।
[চৈতন্য চরিতামৃত আদি ১৭/২১]
“এই কলিযুগে ভগবানের দিব্যনামই হচ্ছে একমাত্র পন্থা, এ ছাড়া আর কোন গতি নেই, আর কোন গতি নেই, আর কোন গতি নেই।”
মানুষেরা দুঃখ-কষ্ট ভোগ করছে। দয়া করে তাদেরকে সাহায্য করুন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
তাই মানুষদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করতে উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দুই ধরনের গুরু থাকেন – দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। দীক্ষাগুরু একজন হতে পারেন, শিক্ষাগুরু বহু হতে পারেন। কেউ কেউ আমাকে লেখে যে, আমি কি কোন একজনকে শিক্ষাগুররূপে নিতে পারি কিনা। দীক্ষাগুরু হিসেবে আমি আপনাদের শিক্ষাগুরুও। আমাদের প্রতিষ্ঠাতা-আচার্য সকল ভক্তদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সর্বকালের সর্বপ্রধান শিক্ষাগুরু। এছাড়াও প্রত্যেক ভক্ত কৃষ্ণভাবনামৃতে উন্নতি লাভ করার জন্য বিভিন্ন প্রাসঙ্গিক উপদেশ লাভ করে থাকে। তাই আপনাদের আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনাদেরকে শিক্ষাগুরু গ্রহণ করতেই হবে। আপনাদেরকে কে দিকনির্দেশনা দিচ্ছে, কে বিভিন্ন শিক্ষা দিচ্ছে, আপনাদের তাদের নাম বলা উচিত। তাদের কাছ থেকে বিভিন্ন রকম শিক্ষা নিতে হয়, বিভিন্ন দিকনির্দেশনা নিতে হয়। এবং যারা আপনাদের শিক্ষাগুরু হিসেবে ভূমিকা পালন করছেন, তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা জানানো উচিত এবং বৈষ্ণবীয় আচার অনুযায়ী তাদের সাথে ভাব বিনিময় করা উচিত। দুই ধরনের শিক্ষাগুরু থাকেন – যারা ভক্তিতে অত্যন্ত উন্নত স্তরে রয়েছেন এবং যারা বিভিন্ন প্রাসঙ্গিক উপদেশ প্রদান করে থাকেন। তাই আমি চাই যে, আমার সমস্ত শিষ্য-শিষ্যা আমাকে জানাবে, আমি এবং শ্রীল প্রভুপাদ ছাড়া তাদের আর ৩-৫ জন শিক্ষাগুরু কারা। যেমন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা এবং শিক্ষাগুরু। তিনি তাঁর দীক্ষাগুরু হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু শিষ্টাচারবশত তিনি তাঁকে দীক্ষা প্রদান করেননি। তো শিষ্টাচার ছিল এই যে, পিতামাতা সন্তানের দীক্ষাগুরু হওয়া উচিত নয়। তাই যদি আপনার পিতামাতা ভক্ত হন, তাহলে তারা আপনার শিক্ষাগুরু হতে পারেন। মন্দির অধ্যক্ষ, নামহট্টের পরিচালক, গীতা কোর্সের পরিচালক, তারা শিক্ষাগুরু হতে পারেন। কে জানে, যে ব্যক্তিই আপনাকে আপনার পারমার্থিক জীবনে দিকনির্দেশনা প্রদান করছেন! আমি সকলকে নির্দেশনা দিতে চেষ্টা করি, কিন্তু আমার অনেক শিষ্য-শিষ্যা রয়েছে। আমার কাছে অনেক প্রশ্ন আসে। আমি তাদের পরামর্শ দেই আপনারা অন্য ভক্তদের কাছ থেকে উপদেশ নিতে পারেন, কিন্তু যারা আমার বিরুদ্ধে কথা বলে বা আমার শিক্ষার বিপরীতে কথা বলে এমন কারো কথা আপনাদের শোনা উচিত না। ইসকনে আমাদের শিক্ষাগুরুর প্রথা স্থাপিত হয়নি, আমি এই প্রথা স্থাপন করতে চাই।
আপনাদের মধ্যে কারা কারা গৃহস্থ? অনেক! তো ব্রহ্মচারী, বানপ্রস্থী ও সন্ন্যাসীদের ভরণপোষণ মূলত আশ্রম করে থাকে। সম্ভবত কিছু কিছু বানপ্রস্থীদের তাদের পরিবার দেখাশোনা করে। কিন্তু গৃহস্থরা আর্থিক দিক থেকে স্বতন্ত্র। এখন আপনাকে কৃষ্ণের কাছে সৎ থাকতে হবে। যেমন শ্রীল প্রভুপাদ বলেছেন যে, দীক্ষা গ্রহণ করার জন্য আপনাকে ১৬ মালা জপ করতে হবে। একজন গৃহস্থের কতটা কৃষ্ণের সেবা করার জন্য উৎসর্গ করতে হবে, সেটাও নির্ধারিত থাকতে হবে। যারা চাকরি করে, কলিযুগে অনেক মানুষদের চাকরি আছে। যেমন অধ্যাপক, চিকিৎসক, উকিল, রাজনীতিবিদ, প্রত্যেকের বেতন রয়েছে। তো বর্ণাশ্রম প্রথা অনুযায়ী এরা সকলেই শুদ্র। কিন্তু আমাদের কৃষ্ণভাবনার দৈব বর্ণাশ্রমে আমরা সেভাবে দেখি না। আমরা চাই যেমনটা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু চেয়েছেন প্রত্যেকেই যেন বৈষ্ণব হয়। যেমন ধরুন কেউ প্রত্যেক মাসে ১ লক্ষ টাকা বেতন পায়। আমার প্রস্তাব হলো প্রত্যেকে যেন তার আয়ের অন্তত ১১ শতাংশ কৃষ্ণকে নিবেদন করে। তো তারা সিদ্ধান্ত নিতে পারে কিভাবে তারা তাদের অর্থ ব্যয় করবে। মাসে বা তিন মাসে বা ছয় মাসে বা বাৎসরিকভাবে তারা অনুদান দিতে পারে। এভাবে কৃষ্ণকে দিলে গৃহস্থদের কাজ পবিত্র হয়ে যায়। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী পূর্বে নবাবের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা আছে, মানুষেরা সারিবদ্ধ হয়ে তাদের কাছ থেকে দান গ্রহণের জন্য অপেক্ষা করতো। কিন্তু যখন সবকিছু যথাযথভাবে প্রক্রিয়া করা হলো, তার মধ্যে অর্ধেক কৃষ্ণের সেবার জন্য, এক সিকি পরিবারের লোকেদের ও এক সিকি জরুরি প্রয়োজনের জন্য রেখেছিলেন। এখন ব্যবসায়ী, কৃষিজীবী, তাদের কথা ভিন্ন, তারা তো কোন বেতন পায় না। তো আমরা দেখি খোলাবেচা শ্রীধর তিনি একজন কৃষিজীবী ছিলেন ও তিনি কলাদ্রব্য বিক্রি করতেন। বাংলায় কলার ব্যবসা খুব একটা লাভজনক নয়, কেননা প্রত্যেকের বাড়িতেই তো কলাগাছ রয়েছে। তিনি তার লাভের অর্ধেক অংশ কৃষ্ণকে দিতেন। তো এইভাবে তিনি অনেক গরীব ছিলেন। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু উনার কাছে প্রতিদিন গিয়েছেন। হরিবোল! গৌরাঙ্গ! তাই অন্ততপক্ষে আপনারা ১১ শতাংশ দিন আর যদি ৫০ শতাংশ দিতে পারেন, তবে তা খুব ভালো। যাইহোক, সেটা আপনারা বিবেচনা করবেন৷ আপনার সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ রয়েছে। আরেকটি প্রস্তাব আছে – যেসমস্ত ভক্তরা ইসকনে সেবা করে, তারা অল্প বেতন পায়। তো এইভাবে তারা তাদের পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবে।
ভক্তিযোগে আমরা সবাই ভক্তিযোগী ও ভক্তিযোগিনী। তো আপনাদের কৃষ্ণভাবনামৃতকে বা ভক্তিযোগকে যুদ্ধের মতো করে গ্রহণ করতে হবে। আমার অল্প সময় রয়েছে কিন্তু আমার অনেক কিছু বলার ছিল। আমরা চাই মানুষেরা যেন অত্যন্ত নিষ্ঠাবান হয় এবং মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমরা ভগবানের দিব্যনাম জপ-কীর্তন করতে চাই এবং আমরা ভক্তিযোগ অনুশীলন করতে চাই। আমরা যমদূতদের ছুটিতে পাঠাতে চাই। আমরা আমাদের প্রতিষ্ঠাতা-আচার্যের সেবা করতে চাই। আমরা তাঁর সমস্ত মনোভিলাষ পূরণ করতে চাই। তাঁর কিছু কিছু মনোভিলাষ এখানে উল্লেখ করা হয়েছে। মায়াপুরে বৈদিক তারামণ্ডল মন্দির নির্মাণ করা। মায়াপুরে বিজ্ঞানসম্মত বৈদিক তারামণ্ডল প্রদর্শনী নির্মাণ করা। মায়াপুরের মাস্টার প্ল্যান শ্রীল প্রভুপাদের ইচ্ছা। এখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান বীরনগরে, এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ চেয়েছেন কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন হোক। তারপর যদি আপনাদের কোন নতুন ধারণা থাকে কিভাবে আমরা প্রচার বিস্তার করতে পারি তাহলে এসে জানান আপনি কী বলতে চান। আমরা ইসকনে গ্রন্থ বিতরণও করতে চাই। আমি গ্রন্থ অধ্যয়ন বিষয়ে বলেছি, তবে আমরা গ্রন্থ বিতরণও করতে চাই। আমরা জিবিসির সেবা করতে চাই, যা ছিল শ্রীল প্রভুপাদের ইচ্ছা, শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ইচ্ছা। আর দয়া করে ইসকনে থাকুন। শ্রীল প্রভুপাদ তাঁর অপ্রকটের ৫ দিন পূর্বে ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট তৈরি করেছিলেন। তো এটি শ্রীল প্রভুপাদের ইচ্ছা। ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্টে কয়েকজন ইসকনের সদস্য ও কয়েকজন গৌড়ীয় মঠের সদস্য রয়েছে এবং আমরা একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করছি। সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ রয়েছে। কৃষ্ণকৃপাশ্রীমূর্তি এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ চেয়েছিলেন এই সম্প্রদায়ের সমস্ত শিষ্যরা যেন একত্রিত হয়।
এভাবে প্রতিদিন আমি চিন্তা করি কীভাবে আমার শিষ্যরা উদ্ধার লাভ করবে। আমি ‘Jayapataka Swami’ অ্যাপে পাক্ষিক ও দৈনিক বার্তা পাঠাই। গত বছর আমি ২০,৭৭৭টি ইমেইল পেয়েছি, যার ৯৯ শতাংশেরই আমি উত্তর দিয়েছি! তবে আপনারা এমনটা ভাববেন না যে, ইমেইল পাঠিয়ে আপনারা আমাকে বিরক্ত করছেন! এটি আমার দায়িত্ব। এর পাশাপাশি, যিনিই আপনাদের শিক্ষাগুরু হোন না কেন, আপনারা যদি তাঁর কাছ থেকে নির্দেশনা পান, তবে সেটিও ভালো। কিন্তু আপনারা যদি আপনাদের শিক্ষাগুরুর কাছ থেকে কোন উত্তর না পান বা আপনাদের মনে যদি তখনও কোন সংশয় থাকে, তবে আমাকে লিখুন। এমনটা ভাববেন না যে, আমাকে লিখলে আমি বিরক্ত হব। আপনারা যদি মায়ার কবলে পড়েন, তবেই আমি বিচলিত হই। শ্রীল প্রভুপাদের মনোভিলাষ পূরণে এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসকল ভক্ত আমাকে সহায়তা করছেন, আমি তাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ! মন্দির, নামহট্ট, ভক্তিবৃক্ষ বা গীতা কোর্সে আপনারা যেসকল সেবা করছেন, আমি মনে করি যে, সেই সবকিছুর মাধ্যমে আপনারা প্রত্যক্ষভাবেই আমার সেবা করছেন এবং আমাকে সহায়তা করছেন! গৃহস্থদের কীভাবে দান করা উচিত, কতটুকু দান করা উচিত, কাকে দান করা উচিত, কীসের জন্য দান করা উচিত — এই সংক্রান্ত কিছু বিবরণ রয়েছে, যা সিডিএম (CDM) বা ভক্তিবৃক্ষ উন্নয়ন মন্ত্রণালয় বিবেচনা করে থাকে। সংক্ষেপে বলতে গেলে —মন্দিরের সেবা, গুরুর সেবা, নামহট্টের সেবা, শ্রীল প্রভুপাদের সেবা, দীক্ষাগুরুর সেবা — এগুলিই হলো সঠিক পথ, যা আপনারা অনুসরণ করছেন।
আমরা জানি যে, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ চলছে। জিসিসি (GCC) ভুক্ত দেশগুলিতে অনেক ভক্ত রয়েছেন। তাই আমরা চাই আপনারা সবাই তাঁদের জন্য প্রার্থনা করুন, যাতে ভক্তরা এই সমস্ত প্রতিকূলতা থেকে সুরক্ষিত থাকতে পারেন। আমি প্রার্থনা করছি, তবে আপনাদের সবার প্রার্থনাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি দুঃখিত যদি আমি একটু বেশি সময় ধরে কথা বলে থাকি! আমি অনেকগুলি বিষয় তুলে ধরেছি। আমি আশা করি যে, আপনারা সেগুলি মনে রাখতে পারবেন। মনে রাখবেন, আপনারা হলেন ভক্তিযোগী এবং যোগিনী! আর হরিনাম জপের মাধ্যমে আমরা এই জড় জগৎকে জয় করতে চাই!
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে /
হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে!
আপনাদের অসংখ্য ধন্যবাদ!
~শ্রীল জয়পতাকা স্বামী
২৯শে মার্চ, ২০২৬
শ্রীধাম মায়াপুর